রিজার্ভ ডেতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:৪২ পিএম

রিজার্ভ ডেতে গড়াল ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ। মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে কিউইরা ব্যাটিং শেষ করার আগেই বৃষ্টি হানা দেয়। যা পরবর্তীতে আর খেলা মাঠে গড়াতে দেয়নি।

বৃষ্টিতে খেলা থামার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড। বুধবার ঠিক এখান থেকেই ব্যাটিং শুরু করবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ফিরতে হয় মার্টিন গাপটিলকে। জসপ্রিত বুমরাহর বলে সেকেন্ড স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ১৪ বল খেলে মাত্র ১ রান করেছেন গাপটিল।

ভারতীয় বোলিংয়ের শুরুটাই ছিল দুর্দান্ত। ভুবনেশ্বর কুমার ও বুমরাহ দুজনই নিজেদের প্রথম দুই ওভার মেডেন নিলেন। ভুবনেশ্বরের করা ইনিংসের তৃতীয় ওভারে এসে রানের খাতা খোলে কিউইরা। গাপটিল সিঙ্গেল নেন। কিন্তু পরের ওভারেই তার ফেরা বুমরাহর শিকার হয়ে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসন লড়াই করলেন। ৬৭ রানের ইনিংস খেলে ভারতীয় বোলারদের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। তার আগে আরেক ওপেনার হেনরি নিকোলস ২৮ রান করেন।

বৃষ্টিতে খেলা থামার আগে রস টেইলর ৬৭ রানে অপরাজিত ছিলেন। টম ল্যাথাম ৩ রান নিয়ে তার সঙ্গী। বুধবার আরো ৩.৫ ওভার ব্যাটিং করবে দলটি।

বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। ম্যানচেস্টারের আকাশও এদিন ম্যাচের শুরু থেকেই ছিল মেঘলা। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত সময়ের আগেই তাই ফ্লাড লাইট জ্বলতে দেখা যায়।

একবার বৃষ্টি থামার পর খেলা ফের শুরুর প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু আবারো বৃষ্টি নামলে সেই পরিকল্পনা বাধা প্রাপ্ত হয়। এদিনই খেলার ফল পেতে ভারতের জন্য কমপক্ষে ২০ ওভার ব্যাট করার সুযোগ থাকতে হতো।

রিজার্ভ ডেতেও ফলাফল নির্ধারিত না হলে লিগ পর্বে পয়েন্ট এগিয়ে থাকার সুবিধা নিয়ে ভারত ফাইনালে চলে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত