আসলে একসঙ্গে যে আমাদের তিনজন কোচ চলে যাওয়ার খবর এসেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। একজন নতুন বিদেশি কোচকে অন্তত তিন বছর সময় দেওয়া উচিত। কারণ তাকে আমাদের দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে, এই দেশের ক্রিকেটের সঙ্গে, ক্রিকেটারদের সঙ্গে মিশতে হবে, তাদের চিনতে হবে। এসব কিছুর জন্য অনেক সময় লাগে। তাই বিসিবির উচিত যখনই বিদেশি কোনো কোচের কথা ভাববে তখন এসব দিক মাথায় রাখবে। একজন কোচের কিন্তু নতুন পরিবেশে মানিয়ে নিতেই এক বছরের মতো সময় চলে যায়। স্টিভ রোডস সম্ভবত দেড় বছরের মতো বাংলাদেশের সঙ্গে ছিলেন। তাই বলা যায় কিছু বুঝে ওঠার আগেই তাকে বিদায় নিতে হচ্ছে। এ কারণে এখন আমাদের এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন কোচের ব্যাপারে ভাবতে হবে। এমন কোচকে আনা উচিত যাকে আমরা অন্তত তিন বছর রাখতে পারব। মনে হয় এখন যে কোচকে আনা হবে তাকে আগামী বিশ্বকাপ পর্যন্ত সময় দিয়ে আনা উচিত।
বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কথা বলতে হলে বলব যে, তার কাছ থেকে কিছু নিতে না পারাটা আমাদের দুর্ভাগ্য। তিনি অনেক উঁচু মানের বোলার ছিলেন। কোচ হিসেবেও অবশ্যই উঁচু মানের হবেন কিন্তু আমরা গত এক-দুই বছরে তার কাছ থেকে কিছু নিতে পারিনি। আমাদের পেসাররা এ সময়ে খুব একটা সাফল্য পায়নি, বিশ্বকাপেও তারা শুরুর ব্রেক থ্রু এনে দিতে পারেনি। তাই এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে, এত বড় একজন লিজেন্ডকে পেয়েও আমরা ভালো কিছু হয়তো নিতে পারিনি। ওয়ালশ সত্যিই বিশাল নাম, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল, কিন্তু তা হয়নি। এখন নতুন কোচ অবশ্যই আসবেন, আগের মতো এখানেও বলব ওয়ালশ, জোসিদের বদলে যেই আসুক তাদের যেন সময় দেওয়া হয়।
নতুন কোচ হিসেবে চন্দিকা হাথুরুসিংহে ও জেমি সিডন্সের নাম শোনা যাচ্ছে। আমি সিডন্সকে খুব কাছ থেকে দেখেছি, তার অধীনে খেলেছি। আর হাথুরু সম্পর্কে অনেক কিছু শুনেছি। তিনি অনেক শক্তভাবে কাজ করেছেন, দলকে সাফল্য দিয়েছেন, দলের অনেক কিছু পরিবর্তনও করেছেন। ওর সময়ই কিন্তু এক বছর পর দলের খুব ভালো রেজাল্ট আসা শুরু করে। আর সিডন্স তো আমাদের সাকিব, মুশফিক, তামিমকে তৈরি করে দিয়ে গেছেন। এদের ব্যাটিং ভালো করার পেছনে তার হাত যে কতটুকু সেটা আমি নিজে দেখেছি। তাই সিডন্স যেভাবে এই দেশের ক্রিকেটকে তৈরি করে দিয়েছিলেন এবং হাথুরু তা আরও এগিয়ে নিয়েছেনÑ দুজনই দেশের ক্রিকেটের জন্য ভালো কোচ হতে পারেন। তাদের নিয়ে আলোচনা হওয়ার পরিপ্রেক্ষিতেই বলছি, তারা বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আগে থেকেই জানে। যেকোনো একজনকে আনলে তাদের জন্য কাজটা আরও সহজ হবে।
