চোখ মেলেছেন এরশাদ, তবু শঙ্কামুক্ত নন

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০২:২৪ এএম

কেউ ডাকলে চোখ মেলে সাড়া দিচ্ছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি, সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, গত সোমবারের তুলনায় গতকাল মঙ্গলবার এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন। তাই গতকাল এরশাদ ডাকে চোখ মেলে সাড়া দিয়েছেন।

গতকাল দুপুর ১টায় রাজধানীতে পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এরশাদের সবশেষ শারীরিক অবস্থা গণমাধ্যমকে জানান। এ সময় কাদের আরও জানান, এরশাদের শরীরের সংক্রমণ অনেকটাই কমেছে। কিডনি কতটা কাজ করছে সেটা পরীক্ষা করতে গতকাল চিকিৎসকরা ডায়ালাইসিস বন্ধ রেখেছেন। তবে লিভারে বিলোরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে। রক্তে কিছুটা প্লাটিলেট দেওয়া হচ্ছে প্রতিদিনই। গত সোমবারের চেয়ে গতকাল এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়নি বরং কিছুটা উন্নতি হয়েছে। তবে এরশাদ এখনো শঙ্কামুক্ত নন।

এর আগে জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক হাসান আরেফিন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের প্রধান প্রতিবেদক সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত