ক্যাব-চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নায়িকার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৩:২২ পিএম

এক ক্যাব-চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন কলকাতার নাটক-সিনেমার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাকে গন্তব্যে না নিয়ে মাঝপথে জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই চালক। নায়িকা প্রতিবাদ করলে গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করে।

স্বস্তিকা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, শেষ পর্যন্ত প্রায় জোর করেই গাড়িটিকে অন্যত্র নিয়ে তাকে চরম হেনস্তা করা হয়। শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রীর বাবা কুমার দীপ দত্ত।

পরে ফেসবুক পেজে গোটা ঘটনার কথা জানিয়েছেন স্বস্তিকা। লেখেন, বুধবার সকাল সোয়া আটটা নাগাদ তিনি যখন পিকনিক গার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে স্টুডিও’র দিকে যাচ্ছিলেন ঘটনাটি ঘটে তখনই। জামশেদ নামে ওই ক্যাব-চালক মাঝপথেই অভিনেত্রীকে নামিয়ে দেওয়ার হুমকি দেন। জানিয়ে দেন, অভিনেত্রী যেখানে যেতে চাইছেন, তিনি সেখানে যাবেন না।

রাস্তায় নেমে পেছনের সিটের দিকের দরজা খুলে হাত ধরে জোর করে স্বস্তিকাকে নামানোর চেষ্টা করেন বলেও অভিযোগ।

বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে তিলজলা থানায় এফআইআর করা হবে।

স্বস্তিকার বাবা বলেন, ‘‘ওই ঘটনার সময়েই মেয়ে আমাকে ফোন করে। আমি তড়িঘড়ি গাড়ি নিয়ে পৌঁছই সেখানে। ঝামেলা মিটিয়ে মেয়েকে আমার গাড়িতে তুলেই স্টুডিও’তে পৌঁছে দিই। খুব গুরুত্বপূর্ণ শুটিং ছিল বলে তখন পুলিশকে অভিযোগ জানাতে পারিনি।’’

স্বস্তিকা ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ও ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া ‘ভজ গোবিন্দ’সহ বেশ কয়েকটি টিভি সিরিয়ালে দেখা গেছে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত