অরিত্রী আত্মহত্যায় প্ররোচনা

ভিকারুননিসার দুই শিক্ষকের বিচার শুরু

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০১:১৪ এএম

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই শিক্ষকের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। তারা হলেন প্রতিষ্ঠানটির তৎকালীন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার। গতকাল বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম অভিযোগ গঠন করে আগামী ২৭ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন।

গত বছরের ৩ ডিসেম্বর শান্তিনগরের বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রী। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরদিন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পল্টন থানায় তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। অপর আসামি তার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে অভিযোগপত্রে অব্যাহতি দেওয়া হয়।

এজাহারে বলা হয়, ২ ডিসেম্বর সমাজবিজ্ঞান পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রীর কাছে মোবাইল ফোন পান। এজন্য তার বাবা-মাকে ডেকে পাঠায় স্কুল কর্র্তৃপক্ষ। পরদিন তিনি (দিলীপ অধিকারী) স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে কর্র্তৃপক্ষ জানায়Ñ অরিত্রী মোবাইল ফোনে নকল করছিল, তাই তাকে টিসি (স্কুল থেকে ছাড়পত্র) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল কর্র্তৃপক্ষ মেয়ের সামনে তাকে অনেক অপমান করে। এ অপমান ও পরীক্ষা দিতে না পারার মানসিক আঘাত সইতে না পেরে সে (অরিত্রী) বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত