পেছাল জিপিএ ৪ বাস্তবায়ন

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০২:৩৩ এএম

শিক্ষার্থী মূল্যায়নে সর্বোচ্চ পয়েন্ট জিপিএ ৫-এর পরিবর্তে জিপিএ ৪ করা কার্যক্রম পিছিয়েছে। চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) থেকে বিষয়টি বাস্তবায়নের চিন্তা থাকলেও প্রস্তুতির অভাবে তা সম্ভব হচ্ছে না। ২০২০ শিক্ষাবর্ষ থেকে জিপিএ পরিবর্তন কার্যক্রম বাস্তবায়ন করা

হতে পারে।  তবে কোন পরীক্ষা থেকে তা কার্যকর করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক দেশ রূপান্তরকে বলেন, জিপিএ ৫ থেকে জিপিএ ৪ করা হবে এ বিষয়ে আগেই আলোচনা হয়েছে। আমাদের আগ্রহ ছিল এ বছরের জেএসসি থেকে জিপিএ-৪ গ্রেডেই ফল প্রকাশ হোক। কিন্তু এটা নিয়ে অনেক আলোচনার বিষয় রয়েছে। এত অল্প সময়ে তা সম্ভব নয়।

তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবক অংশীজনের সঙ্গে আলোচনা শেষে এটি বাস্তবায়ন করা হবে। ২০২০ শিক্ষাবর্ষ থেকে পাবলিক পরীক্ষায় গ্রেড পরিবর্তন কার্যক্রম বাস্তবায়ন করা হতে পারে।

প্রসঙ্গত, গত ১০ জুন শিক্ষা মন্ত্রণালয়ে সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন ডা. দীপু মনি। ওই বৈঠকে বর্তমানে পাবলিক পরীক্ষার ফল সর্বোচ্চ ধাপ জিপিএ-৫-এর পরিবর্তে তা জিপিএ-৪ করার ব্যাপারে আলোচনা হয়।  এ বিষয়ে প্রস্তাবনা দিতে বলেন শিক্ষামন্ত্রী। পরে বিষয়টি নিয়ে কাজ শুরু করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এই কমিটির ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে। পরে ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে পরবর্তী বৈঠকে শিক্ষামন্ত্রীর হাতে জিপিএ পরিবর্তনের একাধিক প্রস্তাব তুলে দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত