রিয়্যালিটি শো থেকে পরিচিত পাওয়া অভিনেত্রী ঈশানা খান বিয়ে করলেন। বুধবার আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ঈশানার পাত্র অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরী। তিনি পেশায় একজন টেলিকম প্রকৌশলী। তার সঙ্গে ঈশানার সম্পর্ক দুই বছরের।
বেশ আগেই থেকে শোনা যাচ্ছিল, শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। এরই মাঝে ঈশানা ৬ জুলাই সোশ্যাল মিডিয়ায় লেখেন ‘আলহামদুলিল্লাহ’। যেখানে তার ঘনিষ্ঠজনেরা নতুন জীবনের কথা উল্লেখ করে শুভ কামানা জানান।
জানা গেছে, ৬ জুলাই ইশানা-সারিফের বাগদান হয়। এরপর বুধবার হলো বিয়ের আনুষ্ঠানিকতা। কিছুদিনের মধ্যে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এদিকে শনিবার স্বামী সারিফের সঙ্গে সিডনি যাচ্ছেন ঈশানা। সংসারের জন্য আপাতত অভিনয়কে ছুটি জানালেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ঈশানা। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।
