বিডার অনুষ্ঠানে সালমান এফ রহমান

চাকরি দেওয়া অনেক কঠিন

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১১:৩৪ পিএম

চাকরি নেওয়ার চেয়ে দেওয়া অনেক কঠিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, শেখ হসিনার নেতৃত্বে সেই কঠিন কাজকে সহজ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগ চলে আসছে, ভবিষ্যৎ হবে খুবই চ্যালেঞ্জিং। নতুন প্রজন্ম হবে প্রযুক্তিভিত্তিক। এজন্য সেই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি নিতে হবে। প্রযুক্তিতে জোর দিতে হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু-তে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’র প্রশিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সালমান এফ রহমান বলেন, স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন, অহংকার ও প্রত্যাশার জায়গা, স্বাধীনতার এই সুযোগ ব্যবহার করে এগিয়ে যেতে হবে অনেক দূর। সেই সঙ্গে জানতে হবে আমাদের ইতিহাস, তুলে ধরতে হবে ঐতিহ্য।

মো. নজিবুর রহমান বলেন, ‘তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বিডা কাজ করে যাচ্ছে। নতুন প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী গড়ে উঠবে নতুন উদ্যোক্তা। প্রশিক্ষকদের দায়িত্ব হবে মাঠপর্যায়ে  থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও সব সময় তাদের সহযোগিতা, মনোবল বাড়ানো।’

কাজী এম আমিনুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণ সমাপ্তির মাধ্যমে  শুরু হলো উদ্যোক্তা তৈরির যাত্রা। ভবিষ্যৎ যুবসমাজকে দিয়েই  দেশ গড়তে হবে। আগামীর পৃথিবী হবে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর।  তাই দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, বিডার সচিব মো. মোশারফ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত