দীর্ঘ ১০ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কামরুন নাহার সৃষ্টি। এ সময় সোহেলের স্ত্রী ছাড়াও দুই মেয়ে জেলগেটে তাকে শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জের জেল সুপার সুভাষ কুমার ঘোষ গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, সোহেলের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে সেগুলো যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে মোট ৬৩৮টি মামলা রয়েছে। সব মামলায় জামিনে রয়েছেন তিনি।
এর আগে গত সোমবার যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তার ও কোনো প্রকার হয়রানি না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে আটক হন সোহেল।
