দাঁত প্রতিস্থাপনের আরামদায়ক পদ্ধতি

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১১:৪২ পিএম

আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আসলে মর্যাদা ঠিকই বুঝি কিন্তু কীভাবে মর্যাদা করতে হবে, সেটি বুঝি না। কমবেশি আমরা সবাই জানি প্রত্যেকটি দাঁতের নির্দিষ্ট ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। সমষ্টিগতভাবে দাঁত আমাদের যা করে

দাঁত খাবারকে চূর্ণ করে হজম ও স্বাদ গ্রহণে ভূমিকা রাখে। দাঁত ছাড়া শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না।

মুখের আকৃতি সুন্দর রাখতে দাঁতের ভূমিকা অন্যতম।

স্পষ্ট উচ্চারণের জ দাঁতকে সুদৃঢ় থাকতে হবে।

সৌন্দর্য প্রকাশে সুন্দর দাঁতের ভূমিকা এখন সবার কাছেই স্পষ্ট।

নিজের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রকাশে সুস্থ দাঁত যথেষ্ট কার্যকর।

মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সঞ্চালন, স্মৃতি স্বাভাবিক রাখা, কাজে প্রাণচঞ্চলতা, শরীর ও মনকে সাবলীল রাখতেও দাঁতের ভূমিকা রয়েছে।

সুতরাং, দৈনন্দিন জীবনকে সুস্থ ও স্বাভাবিক রাখতে দাঁতকে ভালো রাখতে হবে। তারপরও অনির্বাচিত নানা কারণে হারাতে হয় এই মহামূল্যবান দাঁত। দাঁত হারালে কৃত্রিম দাঁত সংযোজন খুবই জরুরি, তা না হলে উল্লিখিত সমস্যার পাশাপাশি দাঁত ফাঁকা ও এলোমেলো হতে শুরু করে। কৃত্রিম দাঁত হিসেবে খোলাযোগ্য ডেনচার পদ্ধতির জনপ্রিয়তা ছিল অনেক। কিন্তু অপেক্ষাকৃত অনেক কম চিকিৎসা খরচ হলেও এর সঙ্গে বাড়তি প্লেট, তার, প্রতিদিন খোলার ঝামেলা, কথা বলতে জড়তা ইত্যাদি নানা কারণে এর জনপ্রিয়তা নেই বললেই চলে।

পরে ব্রিজ পদ্ধতির জনপ্রিয়তা বাড়ে। কৃত্রিম দাঁতটি পাশের সুস্থ দাঁতকে পিলার হিসেবে কাজে লাগিয়ে শক্তভাবে লেগে থাকে। তবে পাশের সুস্থ দাঁতকে কাজে লাগানোর বিষয়ে অনেকের অনীহা থাকায় জনপ্রিয়তা বাড়ছে ইমপ্লান্ট পদ্ধতির, যদিও ব্রিজ পদ্ধতি বৈজ্ঞানিকভাবে নিরাপদ।

 

ইমপ্লান্ট পদ্ধতির সুবিধা

দাঁতটি অনড়ভাবে প্রতিস্থাপিত হবে।

অন্য কোনো দাঁতের সাহায্য লাগে না বা বাড়তি কোনো অংশ থাকে না।

দেখতে ও কাজে স্বাভাবিক দাঁতের মতো।

চিকিৎসা খরচ বেশি হলেও স্থায়িত্ব অন্যান্য পদ্ধতির চেয়ে বেশি ও আরামদায়ক।

সুবিধা থাকলেও এই পদ্ধতি সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। চিকিৎসা সফলতা নিশ্চিত করতে রোগীর বয়স ও শারীরিক অবস্থা, হারানো দাঁতের অবস্থান, চোয়ালের হাড়ের অবস্থা, অন্যান্য জরুরি অঙ্গের সঙ্গে সম্পর্ক, মুখ পরিষ্কার রাখার নিশ্চয়তা, চিকিৎসকের পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণ ইত্যাদি নানা বিষয়কে গুরুত্ব দিতে হয়।

দেশের একাধিক সাধারণ চিকিৎসক এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণ নিয়ে সফলতার সঙ্গে ইমপ্লান্ট পদ্ধতিতে কৃত্রিম দাঁত সংযোজন করছে। দেশের ডেন্টিস্ট্রি এখন অনুমান করছে ভবিষ্যতে এই পদ্ধতি কতটা জনপ্রিয় হবে, সেই সঙ্গে ইমপ্লান্ট আমদানিকারকরাও চেষ্টা করছে কীভাবে কম খরচে এই পদ্ধতি জেনারেল ডেন্টিস্টদের মাধ্যমে সাধারণ রোগীর কাছে পৌঁছানো যায়।

একমাত্র আক্কেল দাঁত বা মাড়ির সর্বশেষ দাঁতটি ছাড়া যেকোনো দাঁত না থাকলে দ্রুত একজন অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃত্রিম দাঁত লাগানোর মধ্য দিয়ে জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত