তাইজুলের ৮ উইকেট

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১১:৪৯ পিএম

তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ভারতের কর্নাটক রাজ্য মিনি রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ১৮৯ রানে এগিয়ে রয়েছে সফরকারী বিসিবি একাদশ। তাইজুল একাই নিয়েছেন ৮ উইকেট। তাতে বিদর্ভের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৫৩ রানে। দ্বিতীয় ইনিংসে বিসিবি একাদশ ১ উইকেটে ৪২ রান তুলে দিন শেষ করে।

তৃতীয় দিনে ১ উইকেটে ১১৪ রান নিয়ে খেলতে নেমে বিদর্ভ শুরুতে উইকেট হারায় অক্ষয় কোলহারের (৬২)। এলবিডব্লিউতে তাকে ফেরান পেসার তাসকিন আহমেদ।

তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন দেশপান্ডে (৯১) ও তাইদে (৪৫)। তাইদেকে আউট করে জুটি ভাঙেন তাইজুল। একই ওভারে ফেরান গনেশ সতীশকে (০)। এরপর আরও পাঁচ ব্যাটসম্যানকে ফেরান তাইজুল। আর আগের দিন নিয়েছিলেন সঞ্জয়ের উইকেট। ইনিংস শেষে তাইজুলের বোলিং ফিগারটা দাঁড়ায় এমন ২৭.৪-৫-৮৯-৮। এর আগে ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৩৯ রানে ৮ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।

১৪৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ‘বিসিবি একাদশ’। ওপেনার জহুরুল ইসলাম ২৫ রান তুলে সাজঘরে ফেরেন। সাইফ হাসান ১৫ ও মুমিমুল হক ১ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন আজ।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

বিসিবি একাদশ ১ম ইনিংস : ৫০০/৭ডি. ও ২য় ইনিংস : ৪২/১ (জহুরুল ২৫, সাইফ ১৫*; দুবে ১/১০)।

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ ১ম ইনিংস : ৩৫৩ (দেশপান্ডে ৯১, অক্ষয় ৬২; তাইজুল ৮/৮৯, আরিফুল ১/৩৬, তাসকিন ১/৭৮)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত