নানা ধরনের চরিত্রে অভিনয় করে সিদ্ধহস্ত অপূর্ব। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকে নতুন লুকে দেখা যাবে তাকে। এস এ হক অলিকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘লায়লা মজনুর কোরবানি’ নাটকে অপূর্বকে দেখা যাবে মজনু চরিত্রে। যিনি কোরবানির হাটের ইজারাদার। তার বিপরীতে লায়লা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এ নাটকে মমকে দেখা যাবে গরুর পাইকার হিসেবে।
এদিকে এই নাটকে পরিচালক অপূর্বকে গতানুগতিকতার বাইরের একটি চরিত্রে হাজির করবেন। লুকেও এনেছেন ভিন্নতা। পরিচালক এস এ হক অলিক দেশ রূপান্তরকে বলেন, ‘অপূর্বকে মূলত রোমান্টিক চরিত্রেই দেখে মানুষ। অপূর্বর সঙ্গে আগেও কথা হয়েছে যে এমন একটা লুক দেওয়া যায় কি না, যেটা এর আগে কেউ দেখেনি। আমি চেষ্টা করেছি ওকে একটু ভিন্ন গেটআপে হাজির করতে। আর অপূর্বও একজন ভার্সেটাইল অ্যাক্টর। তো ওর লুকেও সেটা আনার চেষ্টা করেছি।’
হাস্যরসের মাধ্যমে সামাজিক অসঙ্গতি তুলে ধরা হয়েছে, যা দেখে মানুষ নিজেদের শুধরে নিতে পারেÑ এমনই বার্তা রাখা হয়েছে নাটকে। গত ১০ ও ১১ জুলাই রাজধানীর তিনশ ফিটে নাটকটির শুটিং হয়েছে। এই নাটকে আরও অভিনয় করেছেন শ্যামল জাকারিয়া, স্মরণ সাহাসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছে দৃক। আসন্ন কোরবানির ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান পরিচালক।
