জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেছেন, তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের ‘ব্লু হেলমেট’-এর অধীনে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিপুণভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। পাশাপাশি ধারাবাহিকভাবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী সরবরাহকারী দেশগুলোর সামরিক বাহিনীপ্রধানদের সম্মেলনে স্বাগত বক্তব্যে মাসুদ বিন মোমেন এসব কথা বলেন। গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এ সম্মেলনের আয়োজক দেশ ছিল বাংলাদেশ। একই দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ত্রিপক্ষীয় সহযোগিতা শক্তিশালীকরণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুদ বিন মোমেন। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শান্তিরক্ষী কার্যক্রমে সামনের সারির একটি দেশ হিসেবে মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠান আয়োজনের জন্য জাতিসংঘ সদর দপ্তর বাংলাদেশকে মনোনীত করে। বাংলা গান ও বাঙালি খাবারে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়।
সামরিক বাহিনীপ্রধানদের সম্মেলনে আরও বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ড. মাহফুজুর রহমান, জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া, জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাডভাইজর লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সেনা, নৌ ও বিমানবাহিনী মিলিয়ে ৬৪ জন সামরিক প্রধান ওই অনুষ্ঠানে যোগ দেন।
