গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘শিক্ষাব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি। শিক্ষায় নৈতিকতা ও মূল্যবোধ না থাকলে তা কোনো শিক্ষাই নয়। কুশিক্ষা নিয়ে জাতি কিছুই করতে পারে না।’ গতকাল শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখার ত্রিবার্ষিক
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আমি অবাক হয়ে যাই যখন শিক্ষক নামের কোনো কলঙ্কিত ব্যক্তির হাতে মাসুম বাচ্চা নিগৃহীত হয়। তখন লজ্জা ও ঘৃণায় মাথা অবনত হয়ে আসে। এদের রক্ষায় তাদের পাশে কেউ দাঁড়াবেন না। সম্প্রতি মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ব্যাধি আমাদের রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘কোমলমতি শিশুদের মাদক, ইন্টারনেটের অপব্যবহার, ইভটিজিং ইত্যাদি প্রবণতা থেকে রক্ষা করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। শিক্ষকতাকে চাকরির সঙ্গে তুলনা করবেন না। চাকরি এবং শিক্ষার মহান পেশা এ দুটির মধ্যে ভিন্নতা রয়েছে। নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেবেন সন্তানদের।’
পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষক সমিতির জেলা সভাপতি সুখরঞ্জন ব্যাপারীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওসার আলী শেখ, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা কাজী মজিবুর রহমান, মোস্তফা জামান খান, সুনীল বরণ হালদার প্রমুখ।
