আরও এক জেলের মৃতদেহ উদ্ধার, নিহত বেড়ে ১০

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০২:৪৪ এএম

কক্সবাজারে সাগর থেকে উপকূলে ভেসে আসা আরও এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদউদ্দিন জানিয়েছেন, গতকাল শুক্রবার দুপুরে কলাতলী ভেলী হ্যাচারি সমুদ্র পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিন দিনে ১০ জেলের মৃতদেহ উদ্ধার করা হলো।

ওসি বলেন, এর আগে গত বুধবার সকালে শহরের সি-গাল সমুদ্র পয়েন্ট থেকে ছয় ও বৃহস্পতিবার তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া জীবিত উদ্ধার করা ভোলার চরফ্যাশনের ওয়াজেদ উদ্দিনের ছেলে জুয়েল (১৭) ও মকবুল আহমদের ছেলে মোহাম্মদ মনির (৩৮) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।

জুয়েল ও মনিরকে উদ্ধৃত করে তিনি আরও জানান, গত ৪ জুলাই চরফ্যাশনের শামরাজঘাট থেকে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে তারা ১৪ জন সাগরে পাড়ি দেয়। গত ৬ জুলাই ভোরে হঠাৎ ঝড়ো হাওয়া

ও উত্তাল ঢেউয়ের তোড়ে তারা ট্রলারটি থেকে ছিটকে পড়ে। পরে ট্রলারটিও উল্টে যায়। এরপর কে কোথায় হারিয়ে গেছে তা জানা যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, সাগরে ভেসে আসা ১০ জেলের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেনÑ চরফ্যাশনের পূর্ব মাদ্রাস এলাকার তরিফ মাঝির ছেলে কামাল হোসেন (৩৫); উত্তর মাদ্রাস এলাকার নুরু মাঝির ছেলে অলিউল্লাহ (৪০), ফজু হাওলাদারের ছেলে অজিউল্লাহ (৩৫), মৃত আবদুল হকের ছেলে মো. মাসুদ (৩৮), শহিদুল ইসলামের ছেলে বাবুল মিয়া (৩০) ও নজিব ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) এবং চরফ্যাশনের রসুলপুর এলাকার আসমান পাটোয়ারীর ছেলে সামশুদ্দিন পাটোয়ারী (৪৫)। মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়া ট্রলারটির মালিকের নাম ওয়াজেদ উদ্দিন ওরফে পিটার। কক্সবাজারে আসার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত