সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাবনা

ক্যানসার ও জন্মগত হৃদরোগীদের সহায়তা

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০২:৪৫ এএম

ক্যানসার, কিডনিসহ জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়ী জেলায় শিশু পরিবার (বালক) প্রতিষ্ঠাসহ পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবাকেন্দ্র জরুরিভিত্তিতে চালু করার প্রস্তাব দেবেন জেলা প্রশাসকরা (ডিসি)। পাঁচ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রবিবার। ডিসি সম্মেলনের প্রথম দিনে সমাজকল্যাণ

মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি নিয়ে বসছে প্রথম অধিবেশন। ডিসি সম্মেলন-২০১৯-এর কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

ক্যানসার, কিডনি, লিভারসহ জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদানের মাধ্যমে চেক প্রদান করার প্রস্তাব তুলে ধরবেন পটুয়াখালীর ডিসি। প্রস্তাবের সপক্ষে যুক্তি দিয়ে তিনি প্রস্তাবনায় বলেছেন, কিডনিজনিত নানা সমস্যাসহ স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদানের চেক জেলা প্রশাসন কর্র্তৃক প্রদান করা হলে আবেদনকারীরা টাকা খুব দ্রুত উত্তোলন করতে পারবে।  

প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপনের প্রস্তাব রাখবেন বগুড়া ও নেত্রকোনার ডিসি। প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে তারা বলেন, দূরত্বের কারণে বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তি নিয়মিত জেলা অফিসে এসে সেবা নিতে পারে না। উপজেলায় সেবাকেন্দ্র স্থাপিত হলে দূরত্ব কমে আসবে এবং প্রতিবন্ধী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী বেশি উপকৃত হবে।

গরিব অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার্থে সর্বোচ্চ ২০ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রস্তাব রাখবেন মাদারীপুরের ডিসি। প্রস্তাবের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, এতে করে গরিব অসুস্থ মানুষের সেবার সুযোগ আরও বাড়বে।

এ ছাড়া সমাজকল্যাণ পরিষদ থেকে জেলা পর্যায়ে বরাদ্দ বৃদ্ধি করার প্রস্তাব রাখবেন পিরোজপুরের ডিসি। এ প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে প্রস্তাবনায় তিনি বলেন, বছরে মাত্র ছয় লাখ টাকা দিয়ে অসহায় মানুষের প্রয়োজন মেটানো সম্ভব নয়। এ কারণে সমাজের অসংখ্য ব্যক্তির সাহায্যপ্রাপ্তির আর কোনো উপায় থাকে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত