চলতি বছরের মে মাসে উইন্ডোজ টেনের আপডেটেড ভার্সন বাজারে এনেছে মাইক্রোসফট। কিন্তু এই নতুন ভার্সন এবার আক্রান্ত হলো রিমোট অ্যাকসেস কানেকশন ম্যানেজার (র্যাকম্যান) দ্বারা। এর ফলে উইন্ডোজ টেনের ভিপিএন তথা ইন্টারনেট পরিষেবা ব্যাহত হবে। তবে স্বস্তির খবর এই যে, র্যাকম্যান শুধু উইন্ডোজ টেন ভার্সন ১৯০৩-কেই প্রভাবিত করছে।
কী এই র্যাকম্যান? এটি মূলত একটি ইন্টারনেট কানেকশন ম্যানেজার, যা ভিপিএনের সঙ্গে সঙ্গে কম্পিউটারের ইন্টারনেট কানেকশনকে পরিচালনা করে। মাইক্রোসফটের পক্ষ থেকে তাদের সাপোর্ট পেজে বলা হয়, র্যাকম্যান সেসব কম্পিউটারের ইন্টারনেট পরিষেবাকে পরিচালনা করতে পারে, যাদের ভিপিএন প্রোফাইল সব সময় ‘অন’ মোডে থাকে।
মাইক্রোসফট জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে এ সমস্যাটির একটি সমাধান বের করতে পারবে তারা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এ বিষয়টির ওপর কাজ করছি। আশা করছি, জুলাই মাসের শেষের দিকে এ সমস্যার সমাধান আমরা বের করতে পারব।’
কতসংখ্যক ব্যবহারকারী এ সমস্যায় আক্রান্ত হচ্ছেন, তা নির্দিষ্ট করে কিছু বলেনি মার্কিন সংস্থাটি। ফোর্বসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এ মুহূর্তে এ সমস্যায় জর্জরিত প্রায় ৫০ মিলিয়ন উইন্ডোজ টেন ভার্সন ১৯০৩ ব্যবহারকারী।
তবে র্যাকম্যানের সমাধান সূত্রের প্রসঙ্গে মাইক্রোসফট সংস্থা জানায়, ভিপিএনের গ্রুপ পলিসি পরিবর্তন করে কিংবা ‘রেজিস্ট্রার কি’ বদলে ফেলে এ সমস্যা রোখা সম্ভব। যদি এর কোনোটাই কাজ না করে, সে ক্ষেত্রে ব্যবহারকারীদের ম্যানুয়ালি ডিভাইস ওপেন করতে হবে, কিংবা নতুবা রিস্টার্ট করলেও এ সমস্যার সাময়িক সমাধান মিলতে পারে।
