নিখোঁজের পাঁচ দিন পর টাঙ্গাইলের প্রবীণ আইনজীবী এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা মিঞা মো. হাসান আলী রেজার (৭৬) লাশ নদীতে পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ড কাগমারার পশ্চিম আকুরটাকুর পাড়ার লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানান, দুপুরের দিকে স্থানীয়রা লৌহজং নদীতে একজনের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া লাশটি হাসান আলী রেজার বলে শনাক্ত করেন। ওসি বলেন, আইনজীবী হাসানকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ৮ জুলাই সন্ধ্যার দিকে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মুক্তিযোদ্ধা হাসান আলী রেজা। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবার তার সন্ধান চেয়ে টাঙ্গাইল মডেল থানায় জিডি করে।
ক্ষোভ প্রকাশ করে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বলেন, ‘আমরা প্রশাসনের কাছে তাকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছিলাম। কিন্তু পুলিশ উদ্ধার করল তার লাশ। প্রশাসন যদি গুরুত্বসহকারে উদ্ধার তৎপরতা চালাত, তাহলে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।’
