আজ থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০২:৩৮ এএম

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আজ থেকে দেশটি অভিযান চালানো শুরু করবে বলে জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই অবৈধ অভিবাসীদের আটক করার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণার পরেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

অবৈধ অভিবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো

হবে। সম্প্রতি অভিবাসন আদালতের রায়ে নিজ দেশে ফিরে যাওয়ার আদেশ পেয়েও দশটি শহরে থেকে যাওয়া অভিবাসীরা এই অভিযানের লক্ষ্যবস্তু হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগেভাগে সরকারি অভিযানের কথা এভাবে প্রকাশ করে দেওয়ার ঘটনা অস্বাভাবিক।

গত মাসে এক টুইট বার্তায় এই অভিযানের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তখন তা স্থগিত হয়ে যায়। তবে এবারে আগেই ঘোষণা দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এসব মানুষ অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছে আর আমরা বৈধভাবে তাদের বের করে দেব। এই অভিযানকে বড় ধরনের অভিযান আখ্যা দিয়ে তিনি বলেন, এর লক্ষ্য হবে মূলত অপরাধীদের তাড়িয়ে দেওয়া।

যুক্তরাষ্ট্রে প্রায়ই অবৈধভাবে থাকতে চাওয়া অভিবাসীদের আটক করতে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও রাজস্ব প্রয়োগ (আইসিই) দপ্তর। সপ্তাহ ধরে চলা এসব অভিযানে হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয় বলে সরকারি পরিসংখ্যানেই উল্লেখ রয়েছে। আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই এসব অভিবাসীর মধ্যে বেশিরভাগকে আটক করা হয়।

শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি মনে করেন না যে আগেভাগে অভিযানের কথা প্রকাশ হয়ে গেলে অভিবাসীরা গ্রেপ্তার এড়াতে পারবে।

গতকাল শনিবার অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ছোট পরিসরে বিক্ষোভ করে অবৈধ অভিবাসীরা। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধী ডেমোক্র্যাট শিবিরও সমালোচনা করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত