লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সোহরাব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়ার খোকসায় একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে ছয় বছরের এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল মালেককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরে এক তরুণীকে (২০) অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মাগুরার শ্রীপুর উপজেলার কোদলা গ্রামে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনার ১৫ দিন পর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজারের কমলগঞ্জ রাসটিলা গ্রামে চার বছরের শিশু ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক বরখাস্ত : একাধিক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে কুষ্টিয়া খোকসা উপজেলার সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মহম্মদ জানান, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুৎ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির অঙ্কের শিক্ষক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই লাইব্রেরিতে ছাত্রীদের ডেকে নিয়ে অশালীন আচরণ করতেন। গত বৃহস্পতিবার দুপুরের পর একছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে অশালীন আচরণ করেন। এ ঘটনা জানাজানির পর আরও কয়েকজন ছাত্রী একই অভিযোগ করেন।
রামগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার : মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাড়ির পার্শ্ববর্তী নালায় মাছ ধরা দেখতে গেলে চাচাত ভাই সোহরাব স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যায় বিষয়টি জানালে মীমাংসার চাপ দিতে থাকে প্রভাবশালীরা। গত শুক্রবার রাতে নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। এর আগে ওই স্কুলছাত্রীর মা থানায় মামলা করেন। রামগঞ্জ থানার অফিসার ওসি আনোয়ার হোসেন জানান, স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হবে।
চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ মামলার একজন গ্রেপ্তার : চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে ছয় বছরের এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল মালেককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত দেড়টার দিকে যশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শিশুটির মা থানায় মামলা করেন।
গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, শুক্রবার রাতে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রাম থেকে মালেককে গ্রেপ্তার করা হয়।
সিলেটে তরুণীকে অপহরণ করে ধর্ষণ : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরে এক তরুণীকে (২০) অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ওই তরুণী নিজে বাদী হয়ে সিএনজি অটোরিকশাচালক আলাল হোসেন (২৫) নামে এক যুবককে আসামি করে থানায় মামলা করেছেন। এদিকে ঘটনার বিচার দাবিতে গতকাল শনিবার দুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে বাড়ি ফেরার জন্য আলাল হোসেনের অটোরিকশায় ওঠেন। এরপর আলাল তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। পরে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। তরুণী বাড়ি না ফেরায় বৃহস্পতিবার রাতেই তার পরিবার থানায় একটি জিডি করে। জিডি তদন্তের দায়িত্ব পান এসআই তপন কুমার। শুক্রবার সন্ধ্যায় তরুণীকে ছেড়ে দেয় আলাল হোসেন।
পরিবারের অভিযোগ, জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই তপন কুমার তখন ধর্ষণ মামলা নিতে গড়িমসি করেন। তবে গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, মামলা নিতে গড়িমসি করার অভিযোাগ সঠিক নয়।
মহেশখালীতে তরুণী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ : কক্সবাজারের মহেশখালীতে এক কর্মজীবী তরুণীকে গণধর্ষণের অভিযোগে ইউপিসদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে আদালতে তাদের সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গত ৭ জুলাই রাতে কর্মস্থল চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ি আসার পথে তাকে পাহাড়ে তুলে দল বেঁধে ধর্ষণ করা হয়।
মাগুরার শ্রীপুরে গৃহবধূ ধর্ষণ মামলা : মাগুরার শ্রীপুর উপজেলার কোদলা গ্রামে গৃহবধূ দল বেঁধে ধর্ষণের ঘটনার ১৫ দিন পর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে কোদলা গ্রামের একটি বাড়ি থেকে দিপুল ও মাজেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ জুন রাতে কোদলা গ্রামে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।
কমলগঞ্জে ধর্ষণ মামলা একজন গ্রেপ্তার : মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা গ্রামে চার বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
