জসপ্রিত বুমরাহের বোলিং অ্যাকশন নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন ফেলেছেন এক বৃদ্ধা।
শুক্রবার টুইটারে সেই বৃদ্ধার বোলিংয়ের ভিডিও প্রকাশ করেছিলেন একজন। যা পৌঁছে যায় বুমরাহর কাছেও। ভিডিওটিতে দেখা যায়, এক বয়স্ক হাতে একটি ছোট সাইজের ফুটবল নিয়ে ছুটে যাচ্ছেন বোলিং করার ভঙ্গিতে। হাত দুটোকে ঠিক বুমরাহর মত করে জড়ো করে দৌড়াচ্ছিলেন তিনি।
সেই টুইটার ব্যবহারকারী লিখেছিলেন, ‘‘আমাদের মত আজ মায়েরাও বুমরাহের বোলিং অ্যাকশন নকল করার চেষ্টা করছে।’’
বুমরাহর কাছে ভিডিওটি পৌঁছাতেই রিটুইট করেন তিনি। ২৫ বছর বয়সী ডানহাতি পেসার লিখেন, ‘‘ভিডিওটি আমার দিনটাকে আরও সুন্দর করে তুলল।’’ এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তা।
ব্যতিক্রমী বোলিং অ্যাকশন আর ডেথ ওভারে কার্যকারিতার জন্য বুমরাহ বিখ্যাত। ভারতীয় দলের বোলিং লাইনের সেরা অস্ত্র তিনি। এবারের বিশ্বকাপেও সেই ছাপ রেখেছেন বুমরাহ। নিয়েছেন ১৮ উইকেট। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন এই পেসার।
