পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১০:৩৯ পিএম

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএসএল) কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংক বন্ধের উদ্যোগ নেওয়ার পর গতকাল শেয়ারবাজারেও কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল রবিবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এর আগে পিপলস লিজিং বন্ধের উদ্যোগ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কারণে অনেক শেয়ারহোল্ডার পানির দরে কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিতে চান। কিন্তু ক্রেতার অভাবে হতাশ হতে হয়েছে তাদের। নামমাত্র অর্থে শেয়ার বিক্রির প্রস্তাব দিলেও ক্রেতার অভাবে তা বিক্রি করতে পারেননি শেয়ারহোল্ডাররা। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ তিন কার্যদিবসে দফায় দফায় দাম কমিয়েও শেয়ার বিক্রি করতে ব্যর্থ হন পিপলস লিজিংয়ের শেয়ারহোল্ডাররা। এ পরিস্থিতিতেই কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দিল ডিএসই।

অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনায় চরম সংকটে থাকা পিপলস লিজিংয়ের (পিএলএফএসএল) কার্যক্রম বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শিগগিরই প্রতিষ্ঠানটির অবসায়ন চেয়ে উচ্চ আদালতে আবেদন করবে নিয়ন্ত্রক সংস্থা। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান জানান, এ মুহূর্তে পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ করা ছাড়া আমাদের উপায় ছিল না। আমাদের কাছে সংবাদ আছে একটি গ্রুপ কোম্পানিটির শেয়ার নিয়ে অনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।

১৯৯৭ সালে কার্যক্রম শুরু করা পিপলস লিজিংয়ের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে। এ ছাড়া গুলশান ও চট্টগ্রামে দুটি শাখা রয়েছে। পিপলস লিজিংয়ে ১ হাজার ১৩১ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ৭৪৮ কোটি টাকা, যা মোট ঋণের ৬৬ দশমিক ১৪ শতাংশ। ধারাবাহিক লোকসানের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটি ২০১৪ সালের পর থেকে কোনো লভ্যাংশ দিতে পারেনি।

তাদের মোট শেয়ারের ৬৭ দশমিক ৮৪ শতাংশই রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে। বাকি শেয়ারের মধ্যে স্পনসর ও পরিচালকদের হাতে রয়েছে ২৩ দশমিক ২১ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ৭৬ শতাংশ এবং শূন্য দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত