চাঁদপুরে স্ত্রী বেবী বেগমকে (৫০) হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে খোরশেদ আলম (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতে কোনো এক সময় সদর উপজেলার গুলিশা গ্রামের নিজ বাড়িতে স্ত্রীকে হত্যার পর গতকাল সকালে তিনি আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বেবীর ভাই মফিজুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে তার দুলাভাই শহরের মিশন রোড এলাকায় কুমিল্লা
থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ডেমু ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। সংবাদটি দিতে বোনের বাড়িতে গিয়ে দেখি দরজায় তালা লাগানো। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে বোনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পাই। বোন ও দুলাভাই একাই থাকতেন। তাদের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। এলাকাবাসী জানায়, খোরশেদ ও বেবীর প্রায়ই ঝগড়া হতো। স্ত্রীকে মারধর করত খোরশেদ।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রব বলেন, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। হত্যার কারণ জানা যায়নি। কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহই মনে হচ্ছে।
