শোকে কাতর রওশন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০২:২৬ এএম

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে হারিয়ে শোকে স্তব্ধ স্ত্রী রওশন এরশাদ। তার মৃত্যুর পর থেকেই গুলশানের বাসায় নীরবে কেঁদেছেন। নামাজ আদায় করেছেন। কোরআন তেলাওয়াত করেছেন। গতকাল সারা দিনই জায়নামাজে বসে এরশাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। 

গতকাল রবিবার দুপুরে সিএমএইচের মর্গে স্বামীকে শেষবারের মতো দেখে আসার পর থেকে বিমর্ষ হয়ে পড়েন তিনি। সেই থেকে খাবারও খাননি রওশন এরশাদ। তাকে প্রতিনিয়ত সান্ত্বনা দিয়েছেন ছেলে রাহগীর মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ। সংসার জীবনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন

মুহম্মদ এরশাদের সঙ্গে সুখে-দুঃখে মিশে একাকার ছিলেন রওশন। সময়ে-অসময়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়েছে। তারপরও স্বামীকে ছেড়ে যাননি রওশন।

গত রবিবার সকাল পৌনে ৮টায় যখন এরশাদ মারা যান, তখন প্রথম খবর পান রওশন। ছেলে সাদ এরশাদ ও পুত্রবধূকে নিয়ে ছুটে যান সিএমএইচে। সেখানে পৌঁছে সাদকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন রওশন। পরে স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়েন। চিকিৎসকদের কাছে পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কান্নাজড়িত কণ্ঠে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেক কষ্ট করেছেন। উনি (এরশাদ) যদি কোনো ভুল করে থাকেন, আপনাদের কষ্ট দিয়ে থাকেন, তাহলে তাকে মাফ করে দেবেন।

তারপর এরশাদের মরদেহ মর্গে নিয়ে যাওয়া হয়। মর্গে যান রওশনও। ময়নাতদন্ত শেষ হলে স্বামীকে শেষবারের মতো দেখেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত