ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া এই আইনের ৪৩ ধারা নিয়ে সরকারের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর গুলশানে নিজের আবাসিক অফিসে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংকরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। বাংলাদেশে নিযুক্ত
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের সাংবিধানিক অধিকারÑ বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ব্যাহত করার জন্য প্রণয়ন করা হয়নি। এটি করা হয়েছে শুধু সাইবার অপরাধ দমন করার জন্য।’ তিনি বলেন, ‘আমি পরিষ্কার করতে চাই, এই আইনের অপব্যবহার আমরা হতে দেব না। সেজন্য যা যা করা প্রয়োজন আমরা তা করব।’
বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ওনাদের কিছু কনসার্ন ছিল। সেই কনসার্নগুলোর অগ্রগতি জানার জন্যই মূলত ওনারা এসেছিলেন। মূলত আইনটির ৪৩ ধারা নিয়ে আলোচনা হয়েছে। আমি ওনাদের কথা শুনেছি এবং এটার ব্যাপারে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করব বলে তাদেরকে আশ্বাস দিয়েছি। এ ছাড়া এই আইনের বিধিমালা প্রণয়নের সময় এ বিষয়ে আবারও তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছি।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমার কথা হচ্ছে কেউ যেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করতে না পারে সেটা রোধে আমরা সবার সঙ্গে সহযোগিতা করব এবং সেই ব্যবস্থা করব।’ আর আইনটির যে ধারা নিয়ে স্টেক হোল্ডারদের কিছু অংশ আপত্তি জানাচ্ছে সেটার ব্যাপারে আমরা দেখবÑ যোগ করেন আইনমন্ত্রী।
