দ্বিতীয়বারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমেই এই সুখবর দেন তিনি ভক্তদের।
জি নিউজ জানায়, এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়লেন নবজাতক মেয়ের ছবিও। ক্যাপশনে লিখেন, “এই ছোট্ট মেয়েই আমাকে বন্য ঘোড়ার মতো নতুন শক্তি দিয়েছে। নিজেকে নতুন করে খুঁজে নিতে সে আমাকে সাহায্য করছে। সে যেন আমাকে আবার নতুন রাস্তা দেখাচ্ছে।”
তিনি আরও লিখেন, “মাতৃত্বের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছি। এই সময়ের শারীরিক পরিবর্তন, অনুভূতির পরিবর্তন সবকিছুই অন্যরকম। আমি ভীষণ খুশি, মানুষ আমার পাশে থেকেছে। আমি কন্যাসন্তানই চেয়েছিলাম, সেটাই পেয়েছি আশীর্বাদস্বরূপ।”
শুক্রবার সকালে সন্তান জন্ম দিলেও আগের দিনও তিনি ব্যস্ত ছিলেন শুটিংয়ে। এক সাক্ষাৎকারে সামিরা বলেন, “সন্তানের জন্ম হয়েছে শুক্রবার, বৃহস্পতিবারও আমি বিজ্ঞাপনের জন্য শুট করেছি। বুধবার চিকিৎসকের পরামর্শ নিয়েই আমি এই শুট করেছি।”
২০১৪ সালে ‘ভারদেঞ্চি’র মালিক অক্ষয় ভার্দের সঙ্গে সাত পাকে বাঁধা পরেন সামিরা। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান হান্সের জন্ম হয়।
এর আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রথম সন্তানের জন্মের পর তার ওজন খুব বেড়ে যায়। সে জন্য নাকি বাড়ির বাইরে বেরোতেও ভয় পেতেন তিনি। অভিনয় জগতও ছেড়ে দেন এই কারণেই।
তবে এবার অবস্থা অন্যরকম বলেই জানিয়েছেন সামিরা। কন্যা সন্তান জন্মদানের পর নতুন করে প্রাণশক্তি খুঁজে পেয়েছেন তিনি।
