অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে নওয়াব শাহকে বিয়ের বিষয়টি স্বীকার করলেন অভিনেত্রী পূজা বাটরা। এ মাসের শুরুতে দিল্লিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, ৪ জুলাই প্রেমিক নওয়াবকে বিয়ে করেন পূজা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন শুধু।
ইনস্টাগ্রামে বিয়ের ঐতিহ্যবাহী চুড়ি ও অলংকার পরা পূজার ছবি দেখে এই বিয়ের খবর প্রকাশ হয়ে পড়ে। এরপরই সেটি স্বীকার করে নেন ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল।
সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, “দিল্লিতে দুই পরিবারের উপস্থিতিতে নওয়াব আর আমি বিয়ে করেছি। অনেকে বলছিলেন, কেন আমরা দেরি করছি। আমিও আর দেরি করিনি। কারণ আমি বুঝতে পেরেছি, নওয়াবই সেই ব্যক্তি, যার সঙ্গে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারব।”
পূজা জানান, নওয়াবই আগে তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তার পরিবারের সঙ্গে দেখা করেন টাইগার জিন্দা হ্যায়'র অভিনেতা।
এর আগে মার্কিন নাগরিক এক চিকিৎসককে বিয়ে করেছিলেন পূজা। কিন্তু সেই বিয়ে নিয়ে সুখী ছিলেন না তিনি। পরবর্তীতে সেই দাম্পত্যজীবনের বিচ্ছেদ ঘটে। এরপরেই তিনি নওয়াবের সঙ্গে প্রেমে জড়ান।
