কিশোরীর আইফোন বিস্ফোরণ, তদন্তে অ্যাপল

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১১:৪১ পিএম

ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়সী এক মেয়ের আইফোন-৬ বিস্ফোরিত হয়ে পুরো ডিভাইস পুড়ে গেছে। আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল ঘটনাটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ফোনটি বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই কিশোরী কম্বলের ওপর ছুড়ে মারলে কম্বলও পুড়ে যায়।

নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কিশোরী বলেন, ‘ফোন হাতে নিয়ে আমি বসে ছিলাম। হঠাৎ দেখি আগুন ধরে গেছে।’ ওই কিশোরী আরও বলেন, ‘ভয়ে সঙ্গে সঙ্গে ফোনটিকে বেডের ওপর ফেলে দিই। পুরো কম্বলটাই পুড়ে গেছে।’

কিশোরীর মা মারিয়া আদাতা জানিয়েছেন, অ্যাপলের সঙ্গে যোগাযোগ করার পর তারা ছবি পাঠাতে বলেছে। পাশাপাশি ফোনটি স্থানীয় শো-রুমে জমা দিতে বলেছে।

অ্যাপল বলছে, নানা কারণে আইফোন বিস্ফোরিত হতে পারে। এর মধ্যে একটি হলো অন্য কোনো চার্জার ব্যবহার করা।

বছর দুই আগেও একবার আইফোন বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া যায়। সেই সময় আইফোন-৭ মডেলের একটি ফোনের বিস্ফোরণ ভিডিও টুইটারে ভাইরাল হয়।

সর্বশেষ ঘটনাটিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। বিস্ফোরিত ফোনের নেপথ্য কারণ বের করে যথাযথ ব্যবস্থা নেবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত