অবিশ্বাস্য এক ফাইনাল জিতে ইংল্যান্ড দল তখন শিরোপা জয়ের আনন্দে মশগুল। বিজয় মঞ্চে ট্রফি হাতে বাঁধ ভাঙা উল্লাসে মাতলেন ওয়েন মরগানরা। আনন্দ উল্লাস। কিন্তু সেখানে নেই মইন আলি ও আদিল রশিদ। কারণ- শ্যাম্পেইন।
বহুজাতিক খেলোয়াড় নিয়ে গড়া ইংল্যান্ডের শিরোপাজয়ী দলের এই দুজন মুসলিম। নিজেদের ধর্মের সঙ্গে আপস করা কিছুতে নিজেদের জড়ান না তারা। এর আগে বিভিন্ন সিরিজ জয়ের পর বিজয়মঞ্চে শ্যাম্পেইন দিয়ে নিজেদের ভেজানোর উৎসবের সময় তা থেকে নিজেদের বিরত রাখতে দেখা গেছে তাদের।
বিশ্বকাপের মঞ্চেও তার ব্যতিক্রম ঘটেনি। এত বড় অর্জনেও দলের সঙ্গে শ্যাম্পেইন উৎসবে থাকেননি তারা। অধিনায়ক মরগানের হাতে শিরোপা তুলে দেওয়ার সময় স্কোয়াডের সবার সঙ্গে তারাও উপস্থিত ছিলেন।
শিরোপা হাতে দলীয় ছবিও তুলেছেন। এরপর সতীর্থ বেয়ারস্টো, রয় যখন শ্যাম্পেইনের মুখ খুলে উদ্যাপন করতে যাবেন, তখন পোডিয়াম থেকে বিদায় দেন এই দুই মুসলিম খেলোয়াড়।
