বিদায়ী সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী

আমরা আর কতদিন রোহিঙ্গাদের বোঝা বহন করব

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৩:২২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার জন্য মিয়ানমারের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিতে হবে। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে। আমরা আর কতদিন এ বোঝা বহন করব? রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি প্রত্যাবাসন করা হবে, তা সবার জন্য হবে মঙ্গলজনক।’

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি-এনিক বুর্দিন গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ সংস্থাগুলো বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য ঘরবাড়ি নির্মাণসহ মিয়ানমারের ভেতরে কাজ করতে হবে। কক্সবাজারে ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সংখ্যা স্থানীয়দের সংখ্যা থেকে ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৪০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে। জবাবে ফ্রান্সের রাষ্ট্রদূত তার দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে উল্লেখ করে বলেন, ‘আমরা এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশকে সহায়তা শুরু করেছি এবং এটি অব্যাহত থাকবে।’ তবে মারি-এনিক বুর্দিন বলেন, বর্তমানে মিয়ানমারের অবস্থা রোহিঙ্গাদের ফিরে যাওয়ার অনুকূল নয়। রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তন ইস্যুতে ফ্রান্সের ভূমিকা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্যারিস চুক্তি বাস্তবায়ন হওয়া উচিত বলে মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কার্বন নিঃসরণে খুবই দায়ী হলেও দেশটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। তিনি বলেন, ‘দেশের উপকূলীয় জেলাগুলো জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তার সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১ হাজার কোটি টাকা দিয়ে একটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ট্রাস্ট তহবিল গঠন করেছে। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা উপকূলীয় একটি সবুজ বেষ্টনী গড়ে তুলব।’ প্রধানমন্ত্রী স্মরণ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করেছিলেন।

শেখ হাসিনা বিদায়ী রাষ্ট্রদূতকে বাংলাদেশে সফলভাবে তার দায়িত্বের মেয়াদ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সম্প্রসারিত করার ক্ষেত্রে তার প্রচেষ্টা ও পরিশ্রমের প্রশংসা করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ ও কর্মকর্তারা খুবই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বাসস।

প্রধানমন্ত্রীর সঙ্গে রিভা গাঙ্গুলির সাক্ষাৎ : ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, বৈঠকে দু’দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়। তিনি বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের মধ্যে নৌপথের কানেকটিভিটি বাড়িয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।’ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বাসস।

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। দেশে জরুরি অবস্থা চলাকালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের এই দিনে ধানম-ির বাসভবন সুধা সদন থেকে বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। পরে ২০০৮ সালের ১১ জুন আট সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যান তিনি। চিকিৎসা শেষে একই বছরের ৬ নভেম্বর দেশে ফেরেন শেখ হাসিনা।

কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানোর পর  দেশে ফিরলে তাকে স্থায়ী জামিন দিতে বাধ্য হয় তৎকালীন অগণতান্ত্রিক সরকার। প্রধানমন্ত্রীর কারান্তরীণ দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি প্রধান অতিথি থাকবেন। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ  নেতা কামরুল ইসলাম উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বলে আওয়ামী লীগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত