ঢাকাই শোবিজের জনপ্রিয় জুটি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। মঙ্গলবার তাদের বিয়ের ৯ বছর পূর্ণ হলো। এর মাধ্যমে দাম্পত্য জীবনের এক দশকে পা রাখলেন তারা।
দিনটিকে স্মরণীয় করে রাখতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন নন্দিত নিমার্তা।
ফারুকীর সর্বশেষ সিনেমা ‘শনিবার বিকেল’-এর শুটিং সেটে দেড় বছর আগে ভিডিওটি ধারণ করেন নির্মাতা আদনান আল রাজিব। সেখানে বিশেষ একটি মুহূর্তে ফারুকীকে জড়িয়ে ধরেন তিশা। এই সময় উপস্থিত অন্যরা হাততালি দেন।
ক্যাপশনে ‘ব্যাচেলর’ নির্মাতা লেখেন, “ভালো সময় হোক কিংবা খারাপ, তথাকথিত সাফল্য কিংবা ব্যর্থতা, চাপে এবং তাপে, নিষ্প্রাণ বা প্রাণবন্ত, ঝলমলে বা একঘেয়ে মুহূর্তে, নয় বছর এইরকম পাশে থাকার জন্য ভালোবাসা নুসরাত ইমরোজ তিশা! হ্যাপি অ্যানিভার্সারি টু আস।”
অন্যদিকে নিজের ফেসবুক পেজেও একাধিকসহ বার্তা প্রকাশ করেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’-খ্যাত নায়িকা। তিশা জানান, নয় বছরের এই যাত্রা সব সময় একই রকম ছিল না। নানা ধরনের অনুভূতি এর সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সব মিলিয়ে অসাধারণ। সবকিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ দেন তিনি।
২০১০ সালে ১৬ জুলাই বিয়ের মাধ্যমে নিজেদের সম্পর্ককে আরও পোক্ত করেন ফারুকী-তিশা।
‘শনিবার বিকেল’ সিনেমায় দেশ-বিদেশের নামি তারকাদের সঙ্গে তিশাও অভিনয় করেছেন। দেশের সেন্সর বোর্ডে সিনেমাটি জটিলতার সম্মুখীন হলেও বিদেশের উৎসবে দারুণ সাড়া পাচ্ছে।
