কবি কালিদাসকে মঞ্চে আনছে থিয়েটার ফ্যাক্টরি

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৩:৪৬ পিএম

নাট্যসংগঠন থিয়েটার ফ্যাক্টরি মঞ্চে নিয়ে আসছে প্রথম প্রযোজনা ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। নাটকটি রচনা করেছেন মোহন রাকেশ। অনুবাদে অংশুমান ভৌমিক ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।

দলীয় সূত্রে জানা যায়, উদ্বোধনকালীন ৩টি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’র। ২৫, ২৬ ও ২৭ জুলাই সন্ধ্যা ৭টায় নাটকটি উপভোগ করা যাবে।

প্রথম দুদিন প্রদর্শিত হবে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। তৃতীয় প্রদর্শনী হবে মহিলা সমিতি মঞ্চে।

উদ্বোধনী দিনে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে একটি সংক্ষিপ্ত  অনুষ্ঠানেরও পরিকল্পনা করেছে থিয়েটার ফ্যাক্টরি। 

আদিকবি কালিদাসকে অবলম্বন করে রচিত হয়েছে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। এ নাটকে কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব বিধৃত হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে তার আবির্ভাবের পাশাপাশি এসেছে প্রেম ও প্রকৃতি।

সব মিলিয়ে ক্ষমতা ও সৃজনশীলতার দ্বন্দ্ব থেকে বেরিয়ে কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরে আসতে  চেয়েছেন, তা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে এসেছে এ নাটকে। 

‘আষাঢ়স্য প্রথম দিবসে’য় অভিনয় করছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, শারমীন মাসরুরা খানম, হাসানুজ্জামান খান, আর কে এম মোহ্সেন, সুমন মণ্ডল বানি, অলোক বসু, মিশাল সমাপ্ত, সুরভী রায়, নবীনূর রহমান জুয়েল, নীল সমুদ্র, গল্প প্রমুখ।

আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির। সংগীত ও পোশাক পরিকল্পনায় আছেন রামিজ রাজু ও মহসিনা আক্তার। কোরিওগ্রাফি আমিনুল আশরাফের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত