ভুলে যাওয়া আনন্দের স্বাদ আবার ফিরে এল মোহামেডান স্পোর্টিং ক্লাব দর্শকদের মাঝে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে চার বছর পর জয় পেল দলটি।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মৌসুমে দুই দলের শেষ দ্বৈরথে আবাহনীকে নিয়ে ছেলেখেলা করেছে মোহামেডান। তুলে নিয়েছে ৪-০ গোলের জয়। তকলিস আহমেদ জোড়া গোল করেছেন। জাহিদ হাসান এমিলি ও সোলোমন একটি করে গোল করেছেন।
শেষ ক’বছরে আবাহনীর কাছে মোহামেডানের হার অনুমিত হয়ে দাঁড়িয়েছিল। ২০১৬ সাল থেকে দুই দলের সর্বশেষ ৫ দেখাতেই জিতেছে আবাহনী। এই ম্যাচের আগ পর্যন্ত সব মিলে প্রিমিয়ার লিগে দুই দলের ২২ দেখায় আবাহনীর জয় ১০টিতে। ৮ ড্রয়ের বিপরীতে হার মাত্র ৪টিতে।
মোহামেডান সর্বশেষ আবাহনীকে হারিয়েছিল ২০১৫ সালের মে’তে। সেবার ১-০ গোলের জয় তুলে নেয় দলটি। এদিনের হারে আবাহনী শিরোপার লড়াই থেকে পিছিয়ে পড়ল অনেকটা। কেননা শিরোপার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস এগিয়ে চলেছে দুরন্ত গতিতে।
এদিন দুই অর্ধে দুটি করে গোল করে মোহামেডান। ১৬ মিনিটে আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মোহামেডান। তকলিস গোলটি করেন। এরপর বিরতির ঠিক আগে জাহিদ হাসান এমিলির এসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন তকলিস।
বিরতির পর পাঁচ মিনিটের মধ্যেই ব্যবধান ৩-০ করে মোহামেডান। গোলদাতা সোলোমন। ৬৬ মিনিটে ব্যবধান ৪-০ করেছেন এমিলি।
২১ ম্যাচে ১৭ জয় ও ৪ হারে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। আর এক ম্যাচ কম খেলে বসুন্ধরা কিংসের সংগ্রহ ৫৮। মঙ্গলবারই ব্রাদার্সকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে দলটি। ২০ ম্যাচে ১৯ জয়ের বিপরীতে ১টিতে ড্র তাদের।
এখন যা সমীকরণটা এমন- নিজেদের বাকি চার ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলেই কোনো হিসাব ছাড়াই লিগ শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। এদিকে ২০ ম্যাচে মোহামেডানের এটি মাত্র পঞ্চম জয়। তাদের মোট পয়েন্ট ২০।
