একনেকে ৮ প্রকল্প অনুমোদন

চওড়া হবে ঢাকা বিভাগের উপজেলা-ইউনিয়ন সড়ক

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১০:১৩ পিএম

ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়ককে প্রশস্ত এবং শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের গ্রামকে শহর বানানোর পদক্ষেপের অংশ হিসেবে এজন্য ২ হাজার ৬০৬ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটিসহ মোট ৮ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৫ হাজার ১৪২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ২৯ কোটি ও  বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ১২ কোটি টাকা খরচ করা হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা সচিব নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গিস এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

পরিকল্পনা সচিব নুরুল আমিন বলেন, ‘প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পটি সরকারের গ্রামকে শহর বানানোর পদক্ষেপের অংশ হিসেবে হাতে নেওয়া হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ২ হাজার ৬০৬ কোটি টাকা।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য মিরসরাই শিল্পনগরে উচ্চগতির ইন্টারনেট ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ৬১ কোটি ৯০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আগামী আড়াই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে।

নুরুল আমিন বলেন, মিরসরাইয়ে ৩০ হাজার একর জায়গায় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর। এই অর্থনৈতিক অঞ্চলে পরিকল্পিত শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে শক্তিশালী টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন জরুরি। তাই বৃহত্তম এ অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে উচ্চক্ষমতার ফাইবার অপটিক লিঙ্ক স্থাপন করা হচ্ছে। টেলিকম সেবার জন্য আধুনিক এক্সচেঞ্জের পাশাপাশি ইন্টারনেট সেবা দিতে স্থাপন করা হবে শক্তিশালী রাউটার।

অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছেÑ হলিডে মোড় বাজারঘাটা-লাবপাড়া (বাসস্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্প, ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি ৮২ লাখ টাকা। বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি ৯৩ লাখ টাকা। পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থত পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৬০ কোটি ৫৩ লাখ টাকা। পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২৪ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ২৬ লাখ টাকা। এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ১২ কোটি ১২ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত