এ সময়ের সফল চিত্রনায়িকা পূজা চেরী। অল্প বয়সেই পেয়েছেন জনপ্রিয়তা। তার অভিনীত একাধিক সিনেমা মন্দাবাজারে ব্যবসাসফল হয়েছে। এই নায়িকা এখন ব্যস্ত জাজ মাল্টিমিডিয়ার ‘শান’ সিনেমার শ্যুটিং নিয়ে। আর শ্যুটিং না থাকলে নিয়মিত কলেজে। পূজা এখন সিদ্ধেশ^রী ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ছেন। এসএসসিতে ব্যবসায় শিক্ষার ছাত্রী থাকলেও শ্যুটিং ব্যস্ততায় নিয়মিত ক্লাস করতে পারবেন না বলে বিভাগ পরিবর্তন করে এখন তিনি মানবিক শাখার ছাত্রী। মোট কথা, এখন পূজার রুটিন হলো শ্যুটিং আর কলেজ। পূজার মা বলেন, ‘আমার মেয়েকে নিয়ে আমি খুবই খুশি। এই বয়সী মেয়েদের দিয়ে বাবা-মায়ের যে কত ধরনের সমস্যায় পড়তে হয়! কিন্তু পূজা খুবই লক্ষ্মী মেয়ে। কাজ ছাড়া কিছু বোঝে না। শ্যুটিং না থাকলে কলেজে নিয়মিত ক্লাস করে। আর কিছু না থাকলে বাসায় থাকে। তখন হয়তো বই পড়ে, নাচের প্র্যাকটিস করে। পারতপক্ষে বাসা থেকে বের হতে চায় না। এ জন্য পূজাকে কোনো পার্টি বা আড্ডায় দেখা যায় না।’
কলেজ জীবন নিয়ে পূজাও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘শিক্ষকরা আমাকে খুবই সাপোর্ট করেন। আর ক্লাসমেটরাও আমাকে সহজেই আপন করে নিয়েছে। তবে অন্য ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য মাঝে মাঝে বিড়ম্বনায় পড়তে হয়। প্রায়ই তারা একসঙ্গে অনেকে এসে সেলফি তোলার আবদার করে। এতে কলেজের পরিবেশ কিছুটা বিঘিœত হয়। কিন্তু আমি এসবকে বিড়ম্বনা মনে করি না। খ্যাতি থাকলে মানুষের আগ্রহ থাকবেই। কেউ যদি আমাকে চিনতেই না পারে, তবে কাজ করে কী লাভ! আমি পুরো বিষয়টি উপভোগ করি।’
পূজা এখন একটি মাত্র সিনেমার শ্যুটিং করছেন। সিনেমাটি পরিচালনা করছেন এম রাহিম। এটি তার প্রথম পরিচালিত সিনেমা। এর আগে ‘পোড়ামন ২’, ‘দহন’ সিনেমা দুটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা। এরই মধ্যে শানের ৫০ ভাগ শেষ হয়েছে। আসছে ২৫ জুলাই থেকে আবার শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ সিনেমায় তার সহশিল্পী সিয়াম আহমেদ ও তাসকিন রহমান। ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর এটি সিয়াম-পূজার তিন নম্বর সিনেমা। তবে তাসকিনের সঙ্গে এটিই পূজার প্রথম কাজ। তিনি বলেন, ‘দুজনই খুব ভালো অভিনেতা। মানুষ হিসেবেও খুব বন্ধুসুলভ। তাই কাজ করে আনন্দ পেয়েছি। এ পর্যন্ত ঢাকার ৩০০ ফিট, সাভার, নারায়ণগঞ্জে শ্যুটিং হয়েছে। জিন্দা পার্কে করেছি গানের কাজ। বড় বাজেটের এই সিনেমায় আমার চরিত্রটি খুবই চমকপ্রদ। তবে এখনই তা ফাঁস করতে চাই না। শুধু এটুকু বলবÑ নতুনরূপে দেখা যাবে আমাকে। অনেক দামি দামি পোশাক পরতে হয়েছে সিনেমায়। ভালো পোশাক পরতে আমার সব সময় ভালো লাগে।’
পূজা জানান, শানের কাজ শেষ করেই তিনি শুরু করবেন জাজের আরেক সিনেমা ‘জিন’-এর কাজ। এতে তার নায়ক যিনি থাকবেন তার সঙ্গে এটিই হবে তার প্রথম কাজ। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এখনই সে নায়কের নাম ঘোষণা করতে চান না। এতে আরও
থাকবেন রোশান ও পিয়া বিপাশা। সিনেমাটির গল্প প্রসঙ্গে পূজা বলেন, ‘এটাকে ভৌতিক সিনেমা বলা যেতে পারে। ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে, সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। সিনেমাটি হবে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এ ধরনের সিনেমা আমাদের এখানে আর হয়নি।
