ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ সদস্যের প্রত্যেকের সুপারিশের ভিত্তিতে ৪৫ জন এবার সরকারি খরচে হজ করতে সৌদি আরব যাচ্ছেন। গত ১০ জুন সংসদীয় কমিটির বৈঠকে কমিটির প্রত্যেক সদস্যের মনোনীত পাঁচজনকে সরকারি
খরচে হজে পাঠানোর সুপারিশ করা হয়। গতকাল মঙ্গলবার কমিটির বৈঠকে ওই সুপারিশ বাস্তবায়নের কথা জানানো হয়।
এবার হজে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে সংসদীয় কমিটির তিন সদস্য রয়েছেন। তারা হলেন কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী, মাহমুদ উস সামাদ চৌধুরী ও রতœা আহমেদ। ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির ৯ সদস্যের মধ্যে অপর ছয়জন হলেন সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, ইলিয়াস উদ্দিন মোল্লা, এইচ এম ইব্রাহিম ও তাহমিনা বেগম। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট হওয়ার কারণে তিনি সংসদীয় কমিটির সদস্য নন।
হাফেজ রুহুল আমীন মাদানী সাংবাদিকদের বলেন, ‘সংসদীয় কমিটির সদস্যরা তাদের প্রতিনিধি হিসেবে পাঁচজন করে হাজি সরকারি খরচে পাঠানোর জন্য সুপারিশ করেন। মন্ত্রণালয় এটি চূড়ান্ত করেছে এবং মঙ্গলবারের বৈঠকে তা আমাদের অবহিত করেছে।’
হজ চিকিৎসক দলকে সহায়তা দিতে গাড়িচালক, মালী, জনসংযোগ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্যসহ যারা সংশ্লিষ্ট নন, তাদের পাঠানোর বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি বলেনÑ ‘যা হওয়ার তা হয়ে গেছে। এখন এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না। তাই আমরা এটা নিয়ে আলোচনা করিনি। তবে ভবিষ্যতে যাতে এ রকম না হয় সেটা দেখতে হবে।’
বৈঠকে হজের সর্বশেষ অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ বিমানের ৭৪টি ও সৌদি এয়ারলাইনসের ৭৬টি ফ্লাইটে ৫৪ হাজার ৭৬৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট গত ৪ জুলাই থেকে শুরু হয়। আর শেষ হবে আগামী ৫ আগস্ট। অন্যদিকে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট। শেষ হবে ১৫ সেপ্টেম্বর।
বৈঠকে মন্দির, শ্মশান ও আশ্রম সংস্কারে তালিকা প্রণয়নে স্থায়ী কমিটির সদস্য ও প্রত্যেক এলাকার সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে বলে জানানো হয়। বৈঠকে জানানো হয়, আগামীতে চাঁদ দেখা কমিটিতে সংসদীয় কমিটির সভাপতিসহ অন্য সদস্যদের সম্পৃক্ত করা হবে।
