বেনাপোল-ঢাকা-বেনাপোল রেলপথ রুটে আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত প্রস্তাবিত ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন। একই সঙ্গে এদিন ঢাকা-রাজশাহী রুটের সরাসরি
আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এর সেবা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ
পর্যন্ত বর্ধিত করারও ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।
বেনাপোল এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে বেনাপোল পর্যন্ত পৌঁছতে তিনটি জায়গায় থামবে। বেনাপোল যাওয়ার পথে এটি ঢাকার বিমানবন্দর, পাবনার ঈশ্বরদী এবং যশোর স্টেশনে যাত্রাবিরতি করবে। বেনাপোল থেকে ফেরার পথেও একই জায়গাগুলোতে বিরতি থাকবে।
রেলপথ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ব্রডগেজ কোচগুলো এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। নতুন এই ট্রেনটিতে ১২টি কোচ থাকবে। বেনাপোল থেকে ঢাকা আসার সময় ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির সর্বমোট ৮৯৬টি এবং ফিরতি পথে এসি বার্থ, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির সর্বমোট ৮৭১টি আসনের ব্যবস্থা থাকবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন বেনাপোল থেকে বুধবার এবং ঢাকা থেকে বৃহস্পতিবার। বেনাপোল থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছবে রাত ৯টায় এবং ঢাকা থেকে ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে, বেনাপোল পৌঁছবে সকাল পৌনে ৯টায়।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের অ্যাটেনডেন্ট ও ক্যাটারিং সেবা রেলওয়ের নিজস্ব কর্মচারীদের দিয়ে পরিচালিত হবে। এ ট্রেনে বেনাপোল-ঢাকা পর্যন্ত উভয় দিকে যাত্রী ভাড়া নির্ধারণ করা হয়েছেÑ শোভন চেয়ার ৫৩৪ টাকা, এসি চেয়ার ১০১৩ টাকা (ভ্যাটসহ), এসি সিট ১২১৩ টাকা (ভ্যাটসহ) এবং এসি বার্থ ১৮৬৯ টাকা (ভ্যাট+বেডিং চার্জসহ)।
