খেলাপি কমাতে করপোরেট গ্যারান্টির ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে ব্যাংকারদের ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্যারান্টিসংক্রান্ত বিষয়গুলোতে স্বচ্ছ ধারণা থাকতে হবে। খেলাপি ঋণ কমাতে ব্যাংক ঋণে করপোরেট গ্যারান্টিতে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) খেলাপি ঋণ আদায়ে করপোরেট গ্যারান্টির ভূমিকা নিয়ে গোলটেবিল আলোচনায় এ তাগিদ দেন তারা।
বিআইবিএমের মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. নাজিমুদ্দিনের সভাপতিত্বে গতকাল রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে প্রতিষ্ঠানটির অধ্যাপক ও পরিচালক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি করপোরেট গ্যারান্টির বিভিন্ন দিক বিশ্লেষণ করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান বলেন, ঋণখেলাপি ব্যাংক পরিচালনা ও মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলছে। ঋণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ব্যাংক ক্ষতিগ্রস্ত না হয়। একইসঙ্গে প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে। বিআইবিএমের চেয়ার প্রফেসর ড. বরকত-এ-খোদা বলেন, করপোরেট গ্যারান্টির ক্ষেত্রে ব্যাংকারদের সতর্কতা বেশি জরুরি। করপোরেট ঋণের ঝুঁকি সম্পর্কে ধারণা থাকলে ঋণ দেওয়ার দুর্বলতা ব্যাংকারদের নজরে পড়বে।
পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, করপোরেট গ্যারান্টির বিষয়ে ব্যাংকারদের অনেক ক্ষেত্রে স্বচ্ছ ধারণা নেই। তাই ব্যাংকারদের আরও সতর্ক থাকতে হবে। প্রয়োগে দুর্বলতা কাটাতে হবে। শুধু জমিজমা জামানত নিয়ে করপোরেট ঋণ দেওয়া ঠিক নয়। আইনি কিছু পরিবর্তন প্রয়োজন, যাতে ব্যাংকের স্বার্থ রক্ষা পায়। আদালতে একটি আলাদা বেঞ্চ প্রয়োজন, যা করপোরেট গ্যারান্টি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং বিআইবিএমের সাবেক সুপারনিউমারারি অধ্যাপক মো. ইয়াছিন আলী বলেন, কোনো প্রতিষ্ঠান খেলাপি হলে অন্য কোনো ব্যাংক যেন ঋণ না দেয় সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংককে দেখভাল করতে হবে।
