ডেলিভারি ইয়ার্ড ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১১:৪৪ পিএম

চট্টগ্রাম বন্দর এলাকার অসহনীয় যানজট নিরসনে বে টার্মিনাল এলাকায় দ্রুত ডেলিভারি ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দর এলাকায় অসহনীয় যানজট, আমদানি ও রপ্তানি কন্টেইনার পরিবহন সংকটসহ সার্বিক পরিস্থিতির মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিতকরণে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ দাবি জানান।

নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় ব্যবসায়ী নেতা, বিজিএমইএ, সিএমপি, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধিরা যোগ দেন। মাহবুবুল আলম বলেন, ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিমানবন্দর থেকে মূল শহর পর্যন্ত মাত্র ১৬ কিমি রাস্তা পার হতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগছে যার ফলে অনেক বিদেশি ক্রেতা কার্যাদেশ না দিয়ে ফিরে যাচ্ছেন। নগরীর ওপর চাপ কমিয়ে বন্দরের গতিশীলতা বজায় রাখতে অতিসত্বর বে টার্মিনাল এলাকায় ডেলিভারি ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণ ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে অনতিবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। 

বিজিএমইএর সহসভাপতি এ এম চৌধুরী সেলিম বলেন, সার্বক্ষণিক বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু রাখতে হবে। সভায় অন্যান্যের মধ্যে চেম্বার সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, পরিচালক সৈয়দ জামাল আহমেদ ও অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক এনামুল করিম, লে. কর্নেল তানভীর আহাম্মদ জায়গীরদার, বন্দর এলাকার সহকারী কমিশনার (ট্রাফিক) মো. মোশাররফ হোসেন, বিজিএমইএর পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত