পাসের হারে শীর্ষে কুমিল্লা পিছিয়ে চট্টগ্রাম বোর্ড

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০২:৪২ এএম

এইচএসসি পরীক্ষার ফলে পাসের হারে এগিয়ে আছে কুমিল্লা বোর্ড। আর সবচেয়ে পিছিয়ে আছে চট্টগ্রাম বোর্ড। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট বোর্ডের প্রধানরা।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, পাসের হারে এগিয়ে থাকা কুমিল্লা বোর্ডে ৭৭.৭৪ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। আর সবচেয়ে পিছিয়ে থাকা চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৭১.০৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৬.৩৮ শতাংশ, যশোর বোর্ডে ৭৫.৬৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০.৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৬৭.০৫ শতাংশ ও দিনাজপুর বোর্ডে পাসের হার ৭১.৭৮ শতাংশ।

এগিয়ে কুমিল্লা বোর্ড : কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৩৮৮টি কলেজের ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ৩৫৮ জন। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন। শতভাগ পাস করেছে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের। তিনটি প্রতিষ্ঠানের একজনও পাস করেনি। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

পিছিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ ৫ বাড়লেও কমেছে পাসের হার। এ বোর্ডে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এসব তথ্য জানান। তিনি আরও জানান, ইংরেজি বিষয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের পাসের হার ৯৭.০৭ শতাংশ। মানবিক বিভাগে ৬৬.৩৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮০.৯১ শতাংশ। আইসিটি বিষয়ে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৬.৪৬ শতাংশ, মানবিকে ৭৪.২০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৩.৫৪ শতাংশ।

যশোর বোর্ড : এ বোর্ডের মধ্যে গত বছরের মতো এবারও সবচেয়ে ভালো করেছে খুলনা জেলার কলেজগুলো। এ বছর খুলনার ৪২টি কেন্দ্রে ১০১টি কলেজ থেকে ২৪ হাজার ৩১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২০ হাজার ২৩৯ জন। এর মধ্যে ১০ হাজার ৪৯৩ জন ছেলে ও ৯ হাজার ৭৪৬ জন মেয়ে। খুলনায় পাসের হার ৮৩.২৫ শতাংশ। বোর্ডে পাসের হার ৭৫.৬৫ শতাংশ।

রাজশাহীতে এগিয়ে মেয়েরা : রাজশাহী বোর্ডে এবারের এইচএসসিতে পাসের হার বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। গত বছরের মতো এ বছরও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছেন মেয়েরা। তবে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে আছেন ছেলেরা। এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ৭৬.৩৮ শতাংশ। মেয়েদের পাসের হার ৮১.২১ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৭২.৩২ শতাংশ। গত বছর মেয়েদের সঙ্গে ছেলেদের পাসের হারের ব্যবধান আট বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। তবে এ বছর সেটি কিছুটা কমেছে। গত বছর এ ব্যবধান ছিল ১১.২৯ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৮.৮৯ শতাংশে।

দিনাজপুর বোর্ডে পাসে এগিয়ে মেয়েরা : দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে বেড়েছে পাসের হার। পরীক্ষায় পাসের দিক থেকে এগিয়েছেন মেয়েরা। অন্যদিকে জিপিএ ৫-এর ক্ষেত্রে এগিয়ে আছেন ছেলেরা। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সাতটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেননি। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৮টি কলেজ অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি। ২০১৮ সালে শতভাগ পাস করেছিল ১৪টি প্রতিষ্ঠান। এ বছর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪৯ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ২৭২ ও ছাত্রী ১ হাজার ৭৭৭।

সিলেটে পাসের হার ও জিপিএ ৫ বেড়েছে : সিলেটে এইচএসসিতে গত বছরের তুলনায় এবার ইংরেজিতে পরীক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফলাফল করায় পাসের হার বেড়েছে। এছাড়া এবার জিপিএ ৫-এর সংখ্যা বেড়েছে। এবার পাসের হার ৬৭.০৫ শতাংশ। গতবার এ হার ছিল ৬২.১১ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন। গতবার এই সংখ্যা ছিল ৮৭৩ জন।

জিপিএ ৫-এ ঢাকা সেরা : এইচএসসিতে আট বোর্ডের মধ্যে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ১৮৭ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। এ বোর্ডে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ।

বরিশাল বোর্ডে জিপিএ ৫ বেড়ে দ্বিগুণ : বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বোর্ডে এবার পাসের হার ৭০.৬৫ শতাংশ। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৭০.৫৫ শতাংশ। গতবারের তুলনায় জিপিএ ৫ বেড়েছে ৫৩১টি। এ বছর মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৩৩০ কলেজ থেকে ৬৫ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৪ হাজার ৮৮৭ জন পাস করেন। মেয়েদের মধ্যে পাস করেছেন ২৩ হাজার ৬২৯ জন। আর ছেলেদের মধ্যে পাস করেছেন ২১ হাজার ২৫৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত