নিশামের ছক্কা দেখেই মারা যান ছোটবেলার কোচ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৫:০৮ পিএম

বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারের চরম উত্তেজনা সহ্য করতে পারেননি জিমি নিশামের ছোটবেলার কোচ ডেভিড জেমস গর্ডন। সুপার ওভার চলাকালীনই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শরীর ভালো ছিল না। তাই হাসপাতালে ভর্তি ছিলেন গর্ডন। তবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালের দিন চোখ রেখেছিলেন টিভিতে। সুপার ওভারে নিশাম ছয় মারতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন।

অকল্যান্ডের একটি স্কুলে পড়াতেন গর্ডন। সঙ্গে ক্রিকেট কোচিং করাতেন। নিশাম টুইট করে জানান, ‘‌‘ডেভ গর্ডন, আমার হাই-স্কুলের শিক্ষক, কোচ এবং বন্ধু। খেলাটার প্রতি তোমার ভালোবাসা ছিল মারাত্মক। আমরা খুবই সৌভাগ্য মান যাদের সৌভাগ্য হয়েছিল তোমার কাছ থেকে শিক্ষা নেওয়ার। এমন একটা ম্যাচের শেষ পর্যন্ত তুমি ছিলে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আশা করি, তোমাকে গর্বিত করতে পেরেছি আমি। সবকিছুর জন্য ধন্যবাদ। তোমার আত্মার শান্তি কামনা করি।’’

নিশামের বাবার সঙ্গেও ভালো পরিচয় ছিল গর্ডনের। গর্ডন খুব ভালোবাসতেন নিশামকে। শিক্ষক থাকাকালীন ২৫ বছর কোচিং করিয়েছেন। নিশাম ছাড়াও লকি ফার্গুসন সহ আরও অনেক কিউই ক্রিকেটারের ব্যাট–বলে হাতেখড়ি গর্ডনের কাছেই। 

এর আগে বিশ্বকাপ ফাইনালের পরপরই জিমি নিশাম টুইট করেছিলেন, ‘‘বাচ্চারা, খেলাধুলাকে পেশা বানিয়ো না। কেক-বিস্কুট বানাও কিংবা অন্য কিছু করো। ৬০ বছর বয়সে মোটাতাজা হয়ে মনে সুখ নিয়ে মরো, তাও ভালো।’’

তখন আসলে সেই টুইট থেকে বোঝা যায়নি নিশাম তার ছোটবেলার কোচের মৃত্যু নিয়েই বলেছেন। বৃহস্পতিবার করা নতুন টুইটে তা পরিষ্কার হলো।

লর্ডসে বিশ্বকাপের ফাইনাল টান টান উত্তেজনার পর টাই হয়। এরপর সুপার ওভারেও টাই। পরে বাউন্ডারির সংখ্যায় এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত