মোমেন-গুতেরেজ বৈঠক

রোহিঙ্গা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০১:৪২ এএম

রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। তবে সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা জানান জাতিসংঘ মহাসচিব। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে

 

পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন রোহিঙ্গা ইস্যুটির টেকসই সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহায়তা চাইলে রোহিঙ্গা সংকট নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান গুতেরেজ। জাতিসংঘ মহাসচিব বলেন, এ সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের উদারতা ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

বিশ্বব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার বিষয়ে জাতিসংঘ ও জাতিসংঘের মহাসচিবের অংশগ্রহণ, উপস্থিতি ও সম্পৃক্ততার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন এসব বিষয়ে জাতিসংঘে যে অনুষ্ঠানমালার আয়োজন করবে তাতে অংশগ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী মহাসচিবকে বিশেষ আমন্ত্রণ জানান।

এদিকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর লুইস সেপুলভেদা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ সাক্ষাতে বাংলাদেশের প্রতি তার আগ্রহের কথা তুলে ধরেন সেপুলভেদা। সিনেটরদের একটি দল নিয়ে বাংলাদেশ সফরের অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ হয় এই সিনেটরের। স্পিকারও সিনেটরদের এই টিমকে বাংলাদেশ সফরে স্বাগত জানান।

একই দিন বাংলাদেশ ও পূর্ব এশিয়ার দেশ পালাওয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও পালাওয়ের স্থায়ী প্রতিনিধি নেডিকাস ওলাই উলুডং নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন পালাওয়ের রাষ্ট্রপতি থমাস এসাং রেমেনগেসাউ জুনিয়র ও এ কে আবদুল মোমেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত