প্রকৌশলীদের গণপূর্তমন্ত্রী

অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে পাশে দাঁড়াব

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০২:৩৪ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘কোনো কোনো জেলায় আমাদের প্রকৌশলীরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির প্রভাবে অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে পড়েন। যতদিন আমি গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আছি, আমাদের একজন কর্মকর্তাকে রাজনৈতিক বা অন্য কোনো ক্ষমতা দেখিয়ে প্রভাবান্বিত বা হয়রানি করতে চাইলে আমাকে

জানাবেন, আমি আপনাদের পাশে দাঁড়াব। তিনি বলেন, ‘টেন্ডার এবং অন্যান্য কর্মকান্ডে কাজ শেষ না করে দ্রুত বিল দিতে হবে, জোরপূর্বক তার লোককে টেন্ডার দিতে বাধ্য করা হবে এই প্রবণতা কোনোভাবেই প্রধানমন্ত্রীর নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং আমি নিজে এটাকে কোনোভাবে অনুমোদন করব না। আপনাদের ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বিশেষায়িত পদ এবং শিক্ষা যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখতে হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনাদের সুখ-দুঃখকে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের অধিকাংশ কর্মকর্তাই সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর ভেতরে কিছু ব্যত্যয়ও ঘটেছে। অনেক সময় কেউ কেউ অতি লোভী হয়ে গোটা ডিপার্টমেন্টের ভাবমূর্তি ধ্বংস করার প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে পড়েন।’

শ ম রেজাউল করিম বলেন, কর্তব্য পালনে আমি চাই স্বচ্ছতা ও জবাবদিহি। অনিয়মের পরিসর থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। আমি চাই আপনারা মর্যাদাপূর্ণ পদ পান, পর্যাপ্ত সুযোগ-সুবিধা পান, বেতনভাতা পান। কোনোভাবেই যেন চিহ্নিত না হন যে, অনাকাক্সিক্ষত পরিস্থিতির সঙ্গে আপনারা সম্পৃক্ত। এক দুজনের জন্য কেনো বদনামের বোঝা আমাদের কাঁধে আসবে। আসুন আমরা আত্মশুদ্ধি করি, আত্মসমালোচনা করি। আমার ভুলত্রুটিকে শুধরে নিই। তাহলে এই ডিপার্টমেন্টের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে।’

তিনি বলেন, ‘দেশ গড়ায় আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ দরকার। উন্নয়ন প্রক্রিয়ায় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। তাই উন্নয়নে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনাদের সুখ-দুঃখ, মাঠ পর্যায়ের সমস্যা, প্রতিকূলতা, দাবি-দাওয়া আমাদের সামনে পেশ করুন। আইনের পরিসরের মধ্যে আমরা সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে বিধিবিধান পরিবর্তনের চেষ্টা করব। আশা করি সাধ্যের মধ্যে পর্যায়ক্রমে আপনাদের সব প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব।’

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত