মাথায় চোট পাওয়া ক্রিকেটারের বদলি নেওয়া যাবে

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১১:৩১ এএম

খেলার সময় মাথায় চোট পেয়ে খেলতে না পারলে বদলি হিসেবে খেলোয়াড় নামানোর নিয়ম পাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। লন্ডনে আইসিসির চলতি বার্ষিক সম্মেলনে এ নিয়মটি সর্বসম্মতিভাবে গৃহীত হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুই বছর পরীক্ষা-নিরীক্ষার পর এই নিয়মের অনুমোদন দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এ নিয়ম চালু হতে পারে অ্যাশেজ সিরিজ থেকে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, বিকল্প খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেবে দলের চিকিৎসক। বদলি খেলোয়াড়কে অভিন্ন হতে হবে এবং ম্যাচ রেফারির অনুমোদন লাগবে।

এর আগে জানা গিয়েছিল, শুধু টেস্ট ক্রিকেটে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর নিয়ম চালু হতে পারে। কিন্তু আইসিসি ছেলে ও মেয়েদের ক্রিকেটে সব সংস্করণেই এ নিয়ম পাশ করল।

লন্ডনে বার্ষিক সম্মেলনে স্লো ওভাররেট নিয়েও একটি নিয়ম পাল্টানো হয়েছে। মারাত্মক স্লো ওভার রেট এবং তার পুনরাবৃত্তি ঘটলে এখন থেকে আর অধিনায়ক নিষিদ্ধ হবেন না। স্লো ওভার রেটের দায় নিতে হবে দলের সব খেলোয়াড়কে। অধিনায়ক এবং তাঁর সতীর্থদের একই অঙ্কের জরিমানা হবে। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে দল ওভার রেটে পিছিয়ে থাকবে ম্যাচ শেষে প্রতিটি স্লো ওভারের জন্য কাটা হবে দুটি করে কমপিটিশন পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত