কেউ গোপনে গুগল কিংবা অন্য কোনো ব্রাউজার থেকে পর্নসাইটে প্রবেশ করলে তার খবর জেনে যাচ্ছে তৃতীয় পক্ষ। চলতি সপ্তাহে প্রকাশিত একটি সাইবার গবেষণায় বলা হয়েছে, ৯৩ শতাংশ পর্নসাইট তাদের দর্শকের ব্যক্তিগত তথ্য বিক্রি করে!
প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট জিডিনেট জানিয়েছে মাইক্রোসফট, কার্নেগি মেলন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার গবেষকেরা ২২৪৮৪টি পর্ন সাইট বিশ্লেষণ করেছেন। এর মধ্যে প্রায় সব সাইট তৃতীয় পক্ষের কাছে গ্রাহকের ডেটা ফাঁস করে।
সাইটগুলোর কাছ থেকে গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠান ব্যবহারকারীর তথ্য কিনছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গবেষণার জন্য অ্যালেক্সা র্যাঙ্কিংয়ের শীর্ষ সাইটগুলো বেছে নেওয়া হয়। যে সাইটগুলো তাদের টাইটেলে কিংবা মেটাডেটায় ‘পর্ন’ শব্দটি ব্যবহার করে তাদের প্রাধান্য দেয়া হয়। সাইটগুলোর সোর্স কোড বিশ্লেষণ করে গবেষকেরা নিশ্চিত হয়েছেন যে সাইট মালিকেরা ব্যবহারকারী তথ্য বিক্রি করছে।
মাইক্রোসফটের গবেষক এলিনা মারিস বলছেন, ‘আমরা এই গবেষণায় সফলতা পেয়েছি। ৩,৮৫৬টি সাইট তাদের প্রাইভেসি পলিসিতে ব্যবহারকারীর ডেটা বিক্রির বিষয়টি রেখেছে।’
গবেষণায় দেখা গেছে, তৃতীয় পক্ষের মধ্যে শীর্ষস্থানে রয়েছে গুগল এবং এর মালিকানাধীন বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম ডাবলক্লিক। যে পর্নোগ্রাফি সাইটগুলো যাচাই করা হয়েছে তার মধ্যে ৭৪ শতাংশতে গুগলের ট্র্যাকার রয়েছে। আর ১০ শতাংশ সাইটে আছে ফেসবুক ট্র্যাকার।
পর্নসাইট শুধু আপনার প্রবেশের তথ্য বিক্রি করেই ক্ষান্ত হচ্ছে না। গবেষণায় দেখা গেছে, ২৩০টি সাইট তাদের ব্যবহারকারীকে ট্র্যাক করছে।
যেভাবে বিপদমুক্ত থাকবেন: শুধু পর্নসাইট নয়, যেকোনো ওয়েবসাইটে আপনি যখন ঢোকেন তখন কতগুলো কুকিজ ওই ব্রাউজারে স্টোর হয়ে যায়। এগুলো হল ছোট টেক্সট ফাইল।
দুই ধরনের কুকিজ সাধারণত স্টোর হয়। ফার্স্ট পার্টি কুকিজ ওয়েবসাইটের অপারেটর থেকে, এবং থার্ড পার্টি কুকিজ বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান অথবা অ্যানালেটিক্যাল ফার্ম থেকে আসে।
বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপে আপনি যখন ক্লিক করেন, তখন ওই কুকিজগুলোর মাধ্যমে আপনার ফোনের অনেক তথ্য কোম্পানিগুলোর হাতে চলে যায়। আপনি কোথায় যাচ্ছেন, কোন ওয়েবসাইটে কত সময় থাকছেন, অনলাইনে আপনার পছন্দের বিষয় কী-সব তারা জেনে যায়। এগুলো বিশ্লেষণ করে, তারা আপনার মোবাইলে, ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন পাঠায়।
এসব থেকে বাঁচতে আপনার অ্যাড ব্লকিং ব্যবহার করা উচিত। তাহলে আপনার পর্নঅভ্যাস তৃতীয় পক্ষ জানতে পারবে না।
আর ট্র্যাকিংয়ের হাত থেকে বাঁচতে ভিডিও দেখার পর সাইটের কুকিজ ডিলিট করে ফেলুন। ওয়েবসাইটের ইউআরএলে একদম বাঁদিকে কিছু সাইটে ‘Not secure’ লেখা থাকে। এগুলো ঝুঁকিপূর্ণ। ওখানে ক্লিক করে আপনি কুকিজ ডিলিট করতে পারেন। কিছু সাইটে ‘https://’ লেখা থাকে। এগুলো মোটামুটি নিরাপদ। তবু সুরক্ষিত থাকতে ওখানে ক্লিক করেও কুকিজ ডিলিট করতে হবে।
