বিমানের ৩ হাজার লিটার চোরাই তেলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০৬:১৭ পিএম

সিদ্ধিরগঞ্জে তিন হাজার লিটার চোরাই জেট ফুয়েল (বিমানের জ্বালানি তেল) উদ্ধারসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

শুক্রবার সকালে চিটাগাংরোড হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলো মো. নাছির আলী(৪০) ও মো. হাবিবুর রহমান (৩৮)।

র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার তেলের মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপোকে ঘিরে কয়েকটি চোরাই তেল ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই ডিপো থেকে দৈনিক শত শত ট্যাংকলরি তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে। কিছু লরীর চালক-হেলপারা নামমাত্র মূল্যে লরি থেকে জ্বালানি তেল চুরি করে সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহ করে। এই ভেজাল তেল ব্যবহারে গাড়ির ইঞ্জিন ব্যাপক ক্ষতি হয়।

ধৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন উল্লেখ করে চোরাই তেল সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত