বলিউডের শীর্ষ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের অন্যতম কারিনা কাপুর খান। মাতৃত্ব বিরতির পর পরপর কয়েকটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। টিভি পর্দার জন্য নির্মিত ড্যান্স রিয়েলিটি শোর বিচারক হয়ে আলোচনায় আছেন এ তারকা। কারণ এবার প্রথম বড় পরিসরে ছোট পর্দায় অনুষ্ঠান করছেন। জানা গেছে, সেখানেও তার পারিশ্রমিক বেশ চড়া।
কারিনাকে শেষবার দেখা গেছে ‘ভিরে ডি ওয়েডিং’ সিনেমায়। সঙ্গে ছিলেন সোনম কাপুর ও স্বরা ভাস্করের মতো আলোচিত নায়িকারা। বর্তমানে হাতে আছে চার সিনেমাÑ অক্ষয় কুমার ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ‘গুড নিউজ’, ইরফান খানের সঙ্গে ‘অ্যাংরেজি মিডিয়াম’, করণ জোহরের ‘তখত’ ও আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’। এর মধ্যে ‘তখত’ সিনেমায় মুঘল সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারার ভূমিকায় অভিনয় করবেন।
একাধিক সিনেমার ভিড়ে কারিনা সবচেয়ে বেশি আলোচনায় আছেন ড্যান্স রিয়েলিটি শোর বিচারক হিসেবে। সম্প্রতি একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই অনুষ্ঠানের পর্ব প্রতি তিন কোটি রুপি নিচ্ছেন কারিনা, যা নায়িকাদের ক্ষেত্রে টিভিতে সর্বোচ্চ পারিশ্রমিক। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা। লন্ডন থেকে বলেন, ‘পারিশ্রমিকের অঙ্ক নিয়ে মন্তব্য করতে চাই না। ছেলের সঙ্গে ভালো একটি সময় কাটাচ্ছি লন্ডনে।’ সম্প্রতি সেখানে ‘অ্যাংরেজি মিডিয়াম’-এর শ্যুটিং করেন নায়িকা। এরপর পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ফিরে এসেই ফের ব্যস্ত হবেন টিভি অনুষ্ঠান নিয়ে।
