এ বছর ১৪ ফেব্রুয়ারি নিজের প্রথম চলচ্চিত্রের ঘোষণা দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘বিশ্ব সুন্দরী’ নামের এ ছবির শুটিং শুরু হয় জুন মাসের ২০ তারিখ থেকে। সিয়াম ও পরীমনির সঙ্গে এ ছবিতে অভিনয় করার কথা ছিল গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার। কিন্তু শেষ পর্যন্ত ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে কাজ করা হচ্ছে না সুবর্ণা মুস্তাফার।
পরিচালক চয়নিকা চৌধুরী জানান, ‘এই ছবিতে সুবর্ণা আপার অভিনয় করার কথা ছিল। কিন্তু আমাদের সঙ্গে ওনার শিডিউল না মেলার কারণে আমরা তাকে পাচ্ছি না। তার পরিবর্তে চম্পা আপাকে নিয়ে এখন কাজ করছি।’
বিশ্বসুন্দরীর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। বিশ্বসুন্দরী প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
