ঘরের গাছের যত্ন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:৩৩ পিএম

ঘরে গাছ লাগালেই হলো না। দরকার উপযুক্ত পরিচর্যার। নিয়মিত যতেœ সুন্দর হয়ে উঠতে পারে ঘরের বাগান।

নিজেই সার তৈরি করতে পারেন। ডিমের খোসা গুঁড়ো করে চা-পাতার সঙ্গে মিশিয়ে ফেলুন। দুই সপ্তাহ মিশ্রণ রোদে রেখে দিন। ফুলের গাছের জন্য এই সার উপকারী।

গাছে পোকামাকড় থেকে বাঁচাতে পানিতে অ্যাসপিরিন ট্যাবলেট মিশিয়ে নিন। অ্যাসপিরিনের স্যালিসিটিক এসিড গাছের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। মিশ্রণ স্প্রে বোতলে ভরে গাছে মাঝেমধ্যে স্প্রে করুন।

নির্দিষ্ট সময় পর পর ছোট গাছের ডাল ছাঁটার জন্য বিশেষ ধরনের কাঁচি ব্যবহার করুন। ছেঁটে ফেলা অংশ দিয়েই সহজেই আবার নতুন চারা তৈরি করা সম্ভব। গাছের ডাল ছাঁটা হয়ে গেলে একটা ছড়ানো টবে সেগুলো পুঁতে দিন। নিয়মিত পানি দিতে থাকুন। একটু বড় হলে নতুন টবে লাগিয়ে দিন। ক্যাকটাসের ছেঁটে ফেলা অংশ দিয়েও নতুন চারা তৈরি করতে পারেন।

নতুন চারাগাছ লাগালে অতিরিক্ত পানির দরকার পড়ে। তবে একবারে অনেকটা পানি দেবেন না। অল্প করে পানি দিন। অতিরিক্ত পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে। একটা লম্বা সুচ টবের মাটিতে ঢুকিয়ে তুলে আনুন। যদি সুচের গায়ে ভিজে মাটি লেগে থাকে তাহলে বুঝবেন আর পানি দেওয়ার প্রয়োজন নেই। গাছে পানি দেওয়ার আদর্শ সময় ভোর আর বিকেল।

ঘরের গাছ এয়ার কন্ডিশনার বা এয়ার কুলারের কাছে রাখবেন না। এতে গাছ খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। সপ্তাহে অন্তত একবার ঘরের গাছ কয়েক ঘণ্টা বাইরে রেখে রোদ দিয়ে নিন।

কয়েক দিনের জন্য বাইরে যাওয়ার প্ল্যান থাকলে বেরোনোর আগে গাছে ভালো করে পানি দিন। এবার একটি বড় পলিথিনের ব্যাগ দিয়ে গাছকে মুড়ে গোড়ার কাছে হালকা করে বেঁধে দিন। সরাসরি রোদ আসে এমন জায়গা থেকে গাছকে সরিয়ে রাখুন। এতে গাছের আর্দ্রতা বেশ কয়েক দিন বজায় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত