বন্যায় দুর্ভোগ বাড়ছে কুড়িগ্রামে

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:৪১ এএম

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও দুর্ভোগ বাড়ছে মানুষের। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে ও সাপের ছোবলে গতকাল শনিবার তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৯ দিনে জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। পদ্মার পানি বাড়ায়

ফরিদপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যাতে জেলার তিন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার শস্যক্ষেত্র তলিয়ে গেছে। বন্যার পানিতে গৃহবন্দি মানুষ ক্ষোভে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের শ্যামপুর ব্রিজের ‘অপরিকল্পিত’ ডাইভারশন গতকাল দুপুরে কেটে দিয়েছে, যাতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সারা দেশের এমন বাস্তবতায় গতকাল দুপুরে টাঙ্গাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, দেশে ত্রাণসামগ্রীর অভাব নেই। ওই সময় বন্যা দীর্ঘস্থায়ী হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশ রূপান্তরের প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে বন্যা পূর্বাভাস ও  সতর্কীকরণ কেন্দ্রের গতকালের তথ্য অনুযায়ী, গঙ্গা-পদ্মা ও ঢাকার চারপাশের নদ-নদীগুলো ছাড়া অন্যান্য সব প্রধান নদ-নদীর পানি সমতল কমছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের উজানের জেলাগুলোতে আজ রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ব্রহ্মপুত্র-যমুনা ও কুশিয়ারা নদ-নদীর পানি সমতল কম এবং গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়া অব্যাহত থাকতে পারে। পদ্মা নদী সুরেশ্বর পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও মুন্সীগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

কুড়িগ্রামে বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে পানিবন্দি মানুষের কাছে খাদ্যের জোগানও কমেছে। কারও কারও ঘরে রান্না হলেও নেই তরকারি। ফলে শুকনো ভাত লবণ চটিয়ে খাওয়া ছাড়া কোনো গতি নেই। বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এ ছাড়া টয়লেটে যাওয়ার সমস্যায় আছেন নারী, শিশু ও বৃদ্ধরা। জেলার প্রায় সাড়ে ৮ লাখ বানভাসি নানা দুর্ভোগে আছে। জেলার চিলমারী উপজেলাকে দুর্গত ঘোষণার দাবি করেছে স্থানীয়রা। উপজেলার ৩০ হাজারের বেশি পরিবার পুরোপুরি পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ অনুযায়ী, বন্যায় ৫৭টি ইউনিয়নের প্রায় সাড়ে ৮ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় ২০ হাজার হেক্টর। বন্যায় ১ হাজার ২৪৫ কিলোমিটার রাস্তা, ৪০ কিলোমিটার বাঁধ ও ৪১টি ব্রিজ বা কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ৭৩৪টি। ২ লক্ষাধিক গবাদিপশু পানিবন্দি। ভারপ্রাপ্ত ডিসি হাফিজুর রহমান জানান, এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে ৮০০ মেট্রিক টন জিআর চাল, ১৩ লাখ ৫০ হাজার টাকা, ৩ হাজার প্যাকেট শুকনো খাবার ও ঈদুল আজহা উপলক্ষে ৬ হাজার ৪২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জামালপুরে বন্যার পানিতে ডুবে ও সাপের দংশনে ৯ দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে। জেলার ৬১ ইউনিয়ন ও ৮টি পৌরসভায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৩ লাখ মানুষ। গতকাল সকালে বকশীগঞ্জ উপজেলায় রাহাত মিয়া (১০) নামের এক শিশু বাড়ির পাশে বন্যার পানিতে খেলতে গিয়ে ডুবে মারা যায়। একই উপজেলার সদর ইউনিয়নের গ্রামের ঝালর চর পশ্চিমপাড়া গ্রামের রাজা বাদশা (৫৫) নামে এক ব্যক্তিকে গত শুক্রবার রাতে সাপে ছোবল দেয়। পরে তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গতকাল দুপুরে সেখানে তার মৃত্যু হয়। গতকাল দুপুরে জামালপুর সদরের তীতপল্লযায় বন্যার পানি দেখতে গিয়ে পানির স্রোতে ডুবে সিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়। জেলা ত্রাণ কর্মকর্তা নায়েব আলী জানান, গতকাল দুপুরে বন্যার্তদের জন্য নতুন করে ১৩০ মেট্রিক টন চাল, ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ফরিদপুরে পদ্মার পানি বেড়ে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, গত চার দিনে শুধু জেলা সদর উপজেলার তিনটি ইউনিয়নে ২ হাজার ৮৪৬ হেক্টর আমন ও ১ হাজার ৯৮ হেক্টর আউশ ধানের ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে। সবজি ক্ষেত তলিয়েছে ১২৪ হেক্টর।

গতকাল দুপুরে ক্ষুব্ধ লোকজন টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে কালিহাতী উপজেলার শ্যামপুর ব্রিজের ডাইভারশন কেটে দিলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় উত্তেজিত লোকজন বেইলি ব্রিজ নির্মাণ ও ঠিকাদারদের শাস্তি দাবি করেন। পরে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ফুলতলা ডাইভারশন পানিতে তলিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত